

নিজস্ব প্রতিবেদক :
প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই-স্লোগানে ১০ অক্টোবর ২০২৫ সালে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। এরপর যুবসমাজকে বইমুখী করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করে এ পাঠাগার। শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, শিক্ষা উপকরণ বিতরণ, সাহিত্য আড্ডা ও গুরুত্বপূর্ণ দিবস পালনের পাশাপাশি ‘লোরাম’ নামের একটি শিল্প-সাহিত্যের কাগজও প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

শনিবার ১০ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর সাংবাদিক ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন পাঠাগারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, জাফরানী স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, নাট্যজন ও সাংবাদিক কেএম মাসুদ, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, সমাজসেবক ও সাংবাদিক আশিক খান।
শুভেচ্ছা বক্তব্য দেন মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, নাট্যজন ও সাংবাদিক মুহাম্মদ আলমগীর পাটওয়ারী, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, সাহিত্যানুরাগী সিত্তূল মুনা চৈতি, আহসান কনক, ঝর্না ও নাহিদা আফরোজ। বাঁশি বাজান বেলাল শেখ।
সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, প্যাপিরাস হচ্ছে বইয়ের আদি নিদর্শন বা বইয়ের প্রাথমিক রূপ। প্রাচীনকালের লেখার উপযোগী মাধ্যমকে প্যাপিরাস বলা হয়, যা কাগজের অনুরূপ একটি উপাদান এবং এটি হাজার হাজার বছর আগে লেখার পৃষ্ঠা হিসাবে ব্যবহৃত হতো। সাইপেরাস প্রজাতির এক ধরনের জলজ উদ্ভিদের পিথ থেকে তৈরি হতো প্যাপিরাস। প্রাচীন মিশরীয় সভ্যতায় নীল নদের তীরে নলখাগড়া জাতীয় এক ধরনের গাছ পাওয়া যেতো। সেই গাছের খোল পাথর চাপা দিয়ে এবং রোদে শুকিয়ে লেখার উপযোগী হিসেবে তৈরি করা হতো। বইয়ের প্রাচীনতম নিদর্শনের প্রতি সম্মান রেখে এই পাঠাগারের নামকরণ করা হয়।
সভাপ্রধান মিজানুর রহমান স্বপন বলেন, পাঠাগার প্রতিষ্ঠার পর শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, শিক্ষা উপকরণ বিতরণ, সাহিত্য আড্ডা ও গুরুত্বপূর্ণ দিবস পালনের পাশাপাশি লোরাম নামের একটি শিল্প-সাহিত্যের কাগজও প্রকাশ করেছি আমরা।
অনুষ্ঠানে কবি শিউলী মজুমদারকে প্রদান করা হয় ‘প্যাপিরাস সাহিত্য পুরস্কার-২০২৬’।
প্রকাশিত: রোববার, ১১ অক্টোবর ২০২৬ খ্রি.














