

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে রেকর্ড দামে বিক্রি হলো একটি বিশাল ইলিশ। ৩ কেজি ওজনের মাছটি পাইকারি নিলামে ২২ হাজার ৭৯৮ টাকায় কিনে নিয়েছেন মৎস্য ব্যবসায়ী মো. হাবিব।

আজ শনিবার হাতিয়ার সাগর অঞ্চল থেকে আসা মাছটি আড়তে তোলেন ব্যবসায়ী বাবুল হাজী। তিনি জানান, চলতি মৌসুমে এটিই চাঁদপুরের আড়তে আসা সবচেয়ে বড় ইলিশ। হাবিব জানান, অনলাইন মার্কেটে বড় ইলিশের চাহিদা বেশি থাকায় তিনি মাছটি কিনেছেন।
তবে মৌসুম শুরু হলেও বড় ইলিশের সংকট চলছে। চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, গত বছর এ সময় প্রতিদিন ১০০-১৫০ মণ ইলিশ উঠলেও এখন মাত্র ১০-১৫ মণ আসছে। ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সরবরাহ কম।
আজকের বাজার দর:
১ কেজি: ২৫০০-২৬০০ টাকা
৮০০-৯০০ গ্রাম: ২২০০-২৩০০ টাকা
৫০০-৬০০ গ্রাম: ১৮০০-১৯০০ টাকা
ব্যবসায়ীরা আশা করছেন, আগস্ট-সেপ্টেম্বরে ইলিশের সরবরাহ কিছুটা বাড়তে পারে।

















