

মোঃএনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের পোস্টার লাগানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। চলতি মাসের ৩ তারিখ পুলিশ বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়,২৩ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলকের মাঝখানে, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেটে এবং লোহার তৈরি ত্রিভুজ আকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে মোট তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে। এসআই মো. আসাদুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলোর সত্যতা পান। পরে পোস্টারগুলো জব্দ করা হয়। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-এর ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করা হয়েছে। এছাড়া পোস্টারে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
আসামীরা হলেন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান (৪০),জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন (৩২),পৌর কৃষকলীগের সভাপতি মোছাঃ আকতারুন নাহার সাকী (৫৫),পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান (৪০), হাসনাত মোঃ হামিদুর রহমান (৩৫),আনোয়ার হোসেন (৩৪), মোঃ বদিউজ্জামান (২৬),আহসান হাবীব (২০),নাহিদ হাসান কাজল, মোঃ বুললাসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও আর ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

















