

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে কার্যকর মনিটরিং নিশ্চিত করতে হবে।
আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। চাঁদপুর সদর উপজেলায় ৪১টি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। রাত ১১টার পর যাতে মাইকিং না হয়, সে বিষয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিশোর গ্যাং ও মাদক প্রসঙ্গে ইউএনও বলেন, কিশোর গ্যাং ও মাদকের উৎপাত যাতে বৃদ্ধি না পায়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সতর্ক থাকতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। উপজেলার সব মসজিদে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও চোরাচালানসহ সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে আরও তৎপর হতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মান ও সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. আজমগীর হোসেন এবং সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. ফেরদৌস হোসেন, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, কোস্ট গার্ডের কর্মকর্তা, ক্রীড়া কমিটির সদস্য আক্তার হোসেন সাগর, সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, বাগাদী আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মো. খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুব আলমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














