বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ও অবসরপ্রাপ্ত কর্মচারী-শিক্ষককে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুন নূর। অনুষ্ঠানে মৃত্যুজনিত কারণে সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) এবিএম শহিদুল ইসলাম এবং অবসরজনিত কারণে অফিস সহকারী সাহারুল ইসলাম ও সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র রায় বিএসসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় এবিএম শহিদুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকা, সাহারুল ইসলামের হাতে ৫০ হাজার টাকা এবং দিলীপ চন্দ্র রায়ের হাতে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের সম্মাননা ক্রেস্ট, জায়নামাজ, ছাতা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শামীম আহমেদ প্রধান, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরকার, সহকারী প্রধান শিক্ষক তোসাদ্দেক হোসেন দুদু, মোসলেম উদ্দিন প্রধান, মৌলভী শিক্ষক মকবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মালেক বিএসসি, হাইস্কুল শাখার প্রধান শিক্ষক নয়ন সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষক-কর্মচারীদের অবদান প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কর্মজীবনের অবদান স্মরণ করে এ ধরনের সম্মাননা প্রদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিদায় সংবর্ধনা শেষে মৃত্যু ও অবসরজনিত শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ আব্দুন নূর, গভর্নিং বডির সভাপতি শামীম আহমেদ প্রধানসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সম্মাননা ও আর্থিক সহায়তা পেয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে প্রতিষ্ঠানের প্রতি তাঁদের দীর্ঘদিনের ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরেন।

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy