

মো.এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একজন মুসলমান এই বাংলাদেশে যতটুকু সুযোগ-সুবিধা পাবেন, ঠিক ততটুকুই সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মের মানুষেরাও সমান সুযোগ সুবিধা পাবেন। আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড়ের জালাসী চানপাড়া মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আজাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার”—এই স্লোগানকে সামনে রেখেই সরকার দলমত নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে চায়।
তিনি আরও বলেন, সনাতন ধর্মের এই অনুষ্ঠানে অনেক মুসলমান ভাইও অংশ নিয়েছেন। বাংলাদেশের এই চিরচেনা সংস্কৃতির ঐক্যে যেন কোনো ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী ফাটল ধরাতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
রথযাত্রা উৎসব অনুষ্ঠানে রাধাগোবিন্দ নামহট্ট মন্দিরের সভাপতি দেবানন্দ দামোদর দীনবন্ধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ রণিক, শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজসহ সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ।
পরে চানপাড়া মন্দির থেকে একটি রথযাত্রা বের করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ উপজেলা মন্দির ও বোদা উপজেলার সিপাইপাড়া সন্ন্যাসী মন্দিরে রথযাত্রা উৎসবে যোগ দেন।

















