

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইমসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় বিএনপির নেতাকর্মী ও পঞ্চগড়ের সাংবাদিকরাও প্রেসক্লাবের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণের পর জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানজুড়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
এদিকে, ১১ দলীয় জোট দিবসটি উপলক্ষে শোক শোভাযাত্রা এবং জুলাই স্মৃতি স্তম্ভ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনসিপির প্রতিনিধিরাও অংশগ্রহন করেন।

















