

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট (এআই) কর্তৃক প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ধরলা সেতুর পূর্বপাড় এলাকায় টহলরত ফুলবাড়ী থানা পুলিশ প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে প্রায় ১.৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক দুই ব্যক্তিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট জেলার নয়ারহাট ভাট্রী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ ফিরোজ হাসান (২৬)। তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া একই জেলার সাপটানা উচাটারি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আলমগীর কবির (৪৫)-কে ১০০ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














