কুড়িগ্রামে ৭দিন ব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে স্মৃতি স্তম্ভে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ, রংপুর এর উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

বৃক্ষমেলায় বন বিভাগের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম, প্রদর্শনী ও তথ্যসেবা প্রদান করা হচ্ছে।

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানান, মেলাটি নির্ধারিত সময় (২৬ জুলাই- ১ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে জেলার ২৮টি নার্সারীর স্টল অংশ নিয়েছে। পরিবেশবান্ধব সমাজ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন তিনি।

প্রকাশিত : রোববার, ২৬ জুলাই ২০২৬

.

You might like