

কুড়িগ্রাম প্রতিনিধি
দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ জন স্টুডেন্ট ব্রিগেড সদস্যকে নিয়ে জেলা পর্যায়ের স্টুডেন্ট ব্রিগেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা শহরের খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারে এ স্টুডেন্ট ব্রিগেড সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবিলার কৌশল, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় এবং নিজ নিজ বিদ্যালয় ও পরিবারের জন্য দুর্যোগ প্রস্তুতিবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন করে।
সম্মেলনটি “Community Support for Inclusive and Equitable Education across 25 Schools in Kurigram District (CBM-V Project)”-এর আওতায় আয়োজন করা হয়। প্রকল্পটি Muslim Aid-UK Bangladesh Field Office-এর আর্থিক সহায়তায় জাতীয় উন্নয়ন সংস্থা Eco-Social Development Organization (ESDO) বাস্তবায়ন করছে।
সম্মেলনে স্টুডেন্ট ব্রিগেডের নেতৃত্ব বিকাশ ও ব্যবস্থাপনা, কমিউনিটি-ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস (CBDRR), কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট (CRA), প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UDMC) সঙ্গে সমন্বয়, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-পরিচালক, Muslim Aid-UK Bangladesh Field Office-এর এডুকেশন কো-অর্ডিনেটর মো. শাহ অলিউল্লাহ এবং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মঈন উদ্দিন।
বক্তারা বলেন, কুড়িগ্রামের চরাঞ্চল প্রতিবছর বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। তাই বিদ্যালয়ভিত্তিক স্টুডেন্ট ব্রিগেড গঠন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতিতে সম্পৃক্ত করা একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। তারা দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে স্টুডেন্ট ব্রিগেডের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সম্মেলনের শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় ও কমিউনিটিতে দুর্যোগ সচেতনতা বৃদ্ধি, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই ২০২৬














