পঞ্চগড়ের সীমান্তে বিজিবির স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল‍্যে ঔষধ বিতরণ

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :

সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পঞ্চগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ১৮ বিজিবি। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

শনিবার (১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার ধামুরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এর অংশ হিসেবে দরিদ্র, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, ত্রাণ সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিনের মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে প্রয়োজনীয় ওষুধও তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁও কর্নেল মোহাম্মদ সুরুফ মিয়া, বিজিবিএম, পিএসসি। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও সামাজিক কল্যাণেও মানবিক ভূমিকা রেখে চলেছে বাহিনীটি।

পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কাসেম বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়তা করা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট ২০২৬

You might like