

কুড়িগ্রাম প্রতিনিধি:
“বন্ধুত্ব কোনো দিনের নয়, নয় কোনো ক্ষণ, সুতোর টানে বাঁধা থাকে আজীবনের বন্ধন” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সম্প্রীতি, সৌহার্দ্য ও দেশীয় সংস্কৃতির আবহে এসএসসি ব্যাচ-৯৬-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬”।
শনিবার সন্ধ্যায় জেলা শহরের খলিলগঞ্জ এলাকায় উৎসর্গ নার্সিং সেন্টারের প্রথম তলায় একটি মনোরম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচ-৯৬-এর সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর দেশীয় মৌসুমি নানা ফলের সমাহারে বর্ণিল ফল উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাচ-৯৬ এর ডা: মাঈনুদ্দীন আহমেদ বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিন, লিভার ও গ্যাস্ট্রলোজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. নজরুল ইসলাম খান ও হারিছুল বারি রনি। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাচ-৯৬ এর আয়োজক কমিটির আহবায়ক আমিনুুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাস্টার, আইয়ুব আলী, শাহিন আহমেদ আপেল, এড. শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব খোরশেদ আলম, সদস্য, রুহুল আমিন। সহযোগিতায় ছিলেন, মামুন মোল্লা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, ব্যাচভিত্তিক এমন আয়োজন শুধু পুরোনো বন্ধুদের মিলনমেলা নয়, বরং সামাজিক বন্ধন সুদৃঢ় করারও একটি কার্যকর উদ্যোগ। পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করতেই এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে ব্যাচ-৯৬-এর সদস্যরা সংগীত পরিবেশন করেন। প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর এক ছাদের নিচে বন্ধুদের মিলিত হওয়া, স্মৃতিচারণ, মেল বন্ধন সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ফল ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাচ-৯৬ সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আনন্দ-উচ্ছ্বাস, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬

















