আলোর আড়ালে আঁধার : ক্ষুদীরাম দাস

অন্যকে আলো দেখায় যে জন, পথ দেখায় যে রাতে,
হয়তোবা তার নিজেরই জীবন আঁধারেতে ঢেকে যাতে।
অন্যের মন সারিয়ে তোলার দায়িত্ব যার ছিলো,
তারই বুকেতে এতোটা নীরব রক্তক্ষরণ ছিলো!

চল্লিশ বছর বয়সের এক অভিজ্ঞ চিকিৎসক,
মানসিক ট্রমায় যিনি ছিলেন প্রাজ্ঞ এক শিক্ষক।
ডা. হেমিকা আগারওয়াল আজ ঘুমিয়ে গ্যাছেন চিরতরে,
অসহ্য এক বিচ্ছেদের ক্ষত বইতে না পেরে ঘরে।

দেড় বছর ধরে বুকেই জমা ছিলো যে গভীর ক্ষোভ,
পেশাগত বিদ্যা কাটাতে পারেনি জমানো বিষাদ-ক্ষোভ।
অন্যের কষ্ট দূর করা জেনো কতোটা সহজ কাজ,
নিজের বেলায় নিজেরই কাছে ভেঙে পড়ে সব সাজ!

উপদেশ দেয়া পৃথিবীতে আজ সবচেয়ে সোজা কাজ,
অনলাইনে বা অফলাইনে দিনু প্রবোধের কোনো সাজ।
কিন্তু যখন নিজের উপরে নেমে আসে কালো রাত,
সব বিদ্যাই অসহায় হয়, বাড়ায় না কেউ হাত।

আমরা ভাবি ডাক্তার আর কাউন্সেলর যে জন,
তারা বুঝি হয় ভেতর থেকে ইস্পাতসম মন।
ডিগ্রি কখনো দিতে পারে না কি কষ্টের সুরক্ষা,
সামাজিক পদ আড়াল করে না কোনো জীবনের ঝোঁক যা!

বড় ডিগ্রির আড়ালেও থাকে রক্তমাংসের মানুষ,
হৃদয় ভাঙলে তাদেরও আকাশে ওড়ে না আর ফানুস।
ভেতর থেকে ভেঙে পড়ার কষ্ট যে বইছে,
কেবলমাত্র ভুক্তভোগীই চরম সে তাপ সইছে।

উপদেশ তো বিলানো যায় মিষ্টি মুখের বোলে,
নিজের জীবন জড়িয়ে পড়ে যখন বিষাদ-কোলেÑ
তখন সকল নীতিশাস্ত্র নীরব হয়ে রয়,
বিজ্ঞানেরও জ্ঞানমাঝে তখন ঘনিয়ে আসে ভয়।

পেশাগত জ্ঞান আর জীবনের পার্থক্য দু’টি মেরু,
একপারে রয় উপদেশ আর অন্যপারে ভীতি-গুরু।
ভেতরে জমা কষ্টগুলো একা বয়ে চলা ভুল,
নীরবে নিঃশেষ হয়ে যাওয়া তো নয় বীরত্ব-মূল!

অভিমানী মন একা একা কেন সইবে বিষাদ ভার?
সময় থাকতে বিশ্বস্ত কারুর কাছে যাওয়া দরকার।
হাতটি বাড়িয়ে সাহায্য নেওয়া মোটেও লজ্জা নয়,
একলা থাকার চেয়ে কথা বলাতেই কাটতে পারে ভয়।

মনোবিদও এক সাধারণ জীব, রক্তে মাংসে গড়া,
তারও ভাঙা মন চাইতে পারে কারো একটুখানি ধরা।
বাইরের ওই উজ্জ্বল রূপ দেখে ভুলো না কখনো,
আড়ালে আড়ালে কাঁদে যে মানুষ, খোঁজ নিয়ো তার এখনো।

মানসিক কষ্টকে কখনো দিয়ো না অবহেলা,
ভেতরের ঝড় ধ্বংস করে জীবন-রাতের বেলা।
সহযোগিতার হাত বাড়িয়ে বাঁচিয়ে তোলো প্রাণ,
নইলে তো শেষ হয়ে যাবে কতো সুন্দর এক গান!

হেমিকার এই চলে যাওয়া আজ দিয়ে গেলো এক শিক্ষা,
পেশাদারিত্ব আর জীবন দু’টি আলাদা এক দীক্ষা।
নিজের যত্ন নেওয়াটা আগে, তবেই তো অন্যে আলো,
বুকের মাঝের জমাট কষ্ট বাইরে বলাই ভালো।

কথা বলো আজ, খুলে দাও মন, রেখো না কোনো সংশয়,
মানসিক স্বাস্থ্যে যত্ন নিলেই মিলবে আসল জয়।

প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy