শাহরাস্তিতে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রনির পক্ষে গণসংযোগ

বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলাম রনির পক্ষে গণসংযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী, সমর্থক ও নেতাকর্মীরা।

শনিবার ইউনিয়নের নায়নগর, বানিয়া চৌঁ, কাকৈরতলা, খনেশ্বর, বরুলিয়া, পতিচৌঁ, নয়নপুর ও শাহরাস্তি বাজার এলাকায় এ গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

ওই সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম স্বপন, মাওলানা কাউছার হোসেন, আলাউদ্দিন, প্রবাসী সিরাজুল ইসলাম মোল্লা, আনোয়ার হোসেন, আবুল বাশার, মিজানুর রহমান, আনা মিয়া, মজু মিয়া ও আবদুল আজিজ ভুট্টো সহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটার, সমর্থক ও
স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রনির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন নেতাকর্মীরা।

তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। নিয়মিত গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন। তাছাড়া আগামীতে জনগণের চাহিদা পূরণে ও সুখে দুখে পাশে থাকার জন্য তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, সাইফুল ইসলাম রনি ইতোপূর্বে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মেহের উত্তর ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রকাশিত :  ‍শনিবার, ২৯ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy