

সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত এসএমসি কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা নাছরিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মাহাবুব ই রাব্বানী (লেলিন), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরকার, সহ-সভাপতি ইখতেখার আলম, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অলিউল্লাহ দর্জি, সমাজসেবক আলমগীর সরকার, জাকির হোসেন জুয়েল, শাহজালাল রুবেল, দাতা সদস্য সবুজ মাঝি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবনির্বাচিত পূর্ণাঙ্গ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা বিদ্যালয়ের কৃতি বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান।
নবনির্বাচিত এসএমসি কমিটির সভাপতি মাহাবুব ই রাব্বানী (লেলিন) বলেন, নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশের বিকাশে নতুন কমিটি শিক্ষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধার ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সে জন্য ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে। সংবর্ধিত শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হাল ধরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬














