মেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি গ্যাস, সার, বীজ, কীটনাশক, রড ও সিমেন্ট ক্রয়-বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান চলাকালে রড বিক্রয়ের ক্ষেত্রে ওজন মাপার যন্ত্রের ভেরিফিকেশন না থাকায় মো. মিজানুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স জনি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি গ্যাস বিক্রি ও মজুত করার অপরাধে মো. রাফাদুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স এ আর ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ ও মেহেরপুর জেলা পুলিশের একটি দল।

প্রকাশিত :  ‍বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

You might like