রংপুরে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ

মোঃ জাহাঙ্গীর আলম , গাইবান্ধা:

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

প্রশিক্ষণে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসন, পৌরসভা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জেলা প্রেসক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

গাইবান্ধা জেলা থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন খাদিজা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা; এ এস এম শরীফুল ইসলাম ডাকুয়া, নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা পৌরসভা; তৌহিদুর রহমান মিলন, সহ-সভাপতি, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং শেখ হাবিবুর রহমান, সভাপতি, গাইবান্ধা জেলা প্রেসক্লাব।

প্রশিক্ষণে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের লক্ষ্য, অগ্রাধিকার ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য অর্জনে সৌরবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ, সৌর সেচ পাম্প, ফ্লোটিং সোলার এবং বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধান অতিথি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কার্যকর সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রকাশিত :  ‍বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

 

You might like

About the Author: priyoshomoy