পূর্ব শাহাতলীতে মাদকবিরোধী অভিযানে হামলার অভিযোগ : জনতার ধাওয়ায় রবি গাজীসহ আটক ৩

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহাতলী এলাকায় মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় কথিত মাদক কারবারি রবিউল গাজী রবি ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত বিষয়ে সন্দেহজনক গতিবিধির কারণে প্রথমে দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। বিষয়টি রবিউল গাজী রবির কাছে পৌঁছালে তিনি কয়েকটি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে পূর্ব শাহাতলী এলাকায় এসে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পূর্ব শাহাতলী মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে স্থানীয়দের সহযোগিতায় হামলার অভিযোগে রবিউল গাজী রবি ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ বলেন, “রবিউল গাজী রবি শাহমাহমুদপুর ইউনিয়নের একজন চিহ্নিত মাদক কারবারি। কয়েকদিন আগে শতাধিক ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পুরো ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শাহমাহমুদপুরে কোনো মাদক ব্যবসার স্থান হবে না।”

তিনি আরও বলেন, “চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।”

পূর্ব শাহাতলী মাদক নির্মূল কমিটির সদস্যরা জানান, পূর্ব শাহাতলী এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সক্রিয়ভাবে মাদকের বিরুদ্ধে কাজ করছেন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে তারা স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। সম্মিলিত উদ্যোগে পূর্ব শাহাতলীর পাশাপাশি পুরো শাহমাহমুদপুর ইউনিয়নকে মাদকমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। পুলিশের পক্ষ থেকেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেখানে মাদকের তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। পূর্ব শাহাতলীর ঘটনাতেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like