গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত: অনুপ্রেরণা ও সম্ভাবনার আলোকে ছাগল পালন

ক্ষুদীরাম দাস :

প্রিয় সময়ে প্রকাশিত ‘ কুড়িগ্রামে এক ছাগলের জন্ম দেওয়া ৫ ছানাকে ঘিরে চাঞ্চল্য’ শিরোনামে প্রকাশিত সংবাদটির শিরোনাম ও ঘটনা পড়ে আমরা অভিভূত ও বিস্মিত হয়েছি। আমরা জানি, বাংলাদেশের অর্থনীতি মূলতঃ কৃষিনির্ভর। গ্রামীণ জনপদের প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে অপার সম্ভাবনা ও স্বাবলম্বী হওয়ার হাজারো গল্প। অতি সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে কৃষক তহিদুল ইসলামের বাড়িতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানা জন্ম দেয়ার ঘটনাটি কেবল স্থানীয়দের মাঝে কৌতূহলই জাগায়নি, এটি পুরো দেশের গ্রামীণ পশুপালন ও অর্থনীতির জন্যে এক দারুণ আশার আলো নিয়ে এসেছে। যে ঘটনাটি স্বাভাবিকভাবে একটি ছোট সংবাদ হিসেবে দেখা দিয়েছিলো, তার মধ্যে লুকিয়ে রয়েছে স্বাবলম্বী হওয়ার এক মহতী আহ্বান। গ্রামীণ জীবনের কণ্টকাকীর্ণ পথ পার হয়ে কীভাবে মানুষ নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পারে, এই ঘটনাটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কৃষক তহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মমিনা বেগমের সাধারণ সংসারে ছাগলটি ছিলো এক ভরসার প্রতীক। ইতিপূর্বে তিনবার তিন’টি করে ছানা দিলেও এবার ছাগলটি একসঙ্গে পাঁচ’টি ছানার জন্ম দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলো। সোমবার রাতে দীর্ঘ সময়ের ব্যবধানে এক এক করে জন্ম নেওয়া পাঁচ’টি ছানার মধ্যে একটি ছানা মারা গেলেও বর্তমানে বেঁচে থাকা চার’টি ছানা একদম সুস্থ রয়েছে। তহিদুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিলেন এবং ছাগলের ডাক শুনে ছুটে গিয়ে তাঁরা এ অলৌকিক ঘটনার সাক্ষী হন। গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম ঠিকই বলেছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত ব্যতিক্রমী। সাধারণতঃ ছাগল দুই’টি বা তিন’টি ছানা প্রসব করলেও পাঁচ’টি ছানার জন্ম প্রথাগত হিসেবকে বদলে দেয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার জানিয়েছেন, এমন ঘটনা বিরল হলেও এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচ’টি ছানা জন্ম দেয়ার হার দুই থেকে তিন শতাংশ। তবে এ ঘটনাটি কেবল সংখ্যাগত দিক থেকেই বিরল নয়, এটি প্রমাণ করে যে যথাযথ যত্ন ও পরিবেশ পেলে দেশি জাতের ছাগলও আমাদের বিপুল অর্থনৈতিক সাফল্য এনে দিতে পারে।

গ্রামীণ স্বাবলম্বিতা ও ছাগল পালনের গুরুত্ব আমাদের বুঝতে হবে। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্যে ছাগল পালন এক অপূর্ব অর্থনৈতিক হাতিয়ার। একে প্রায়ই “গরিবের গাভি” বলে অভিহিত করা হয়। কারণ, বড় আকারের গরু বা মহিষ কেনার মতো বড় অঙ্কের টাকা অনেক দরিদ্র পরিবারের থাকে না। কিন্তু সামান্য কিছু বিনিয়োগ ও নিয়মিত একটু যত্নের মধ্যদিয়ে খুব সহজেই ছাগল পালন শুরু করা যায়। কুড়িগ্রামের ঘটনাটি আমাদের চোখ খুলে দেয়। আমরা দেখতে পাই, একটিমাত্র দেশি ছাগল থেকে যদি পাঁচ’টি ছানা পাওয়া যায়, তবে তা থেকে অর্থনৈতিকভাবে কতোটা লাভবান হওয়া সম্ভব। সঠিক উপায়ে পরিচর্যা করা গেলে এ জাতের ছাগল থেকে খামারিরা অভাবনীয় সাফল্য অর্জন করতে পারবেন। গ্রামের নারীরা তাঁদের গৃহস্থালি কাজের পাশাপাশি ছাগল পালন করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন। এতে করে পরিবারের আর্থিক সংস্থান মজবুত হয় এবং সন্তানদের শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজনগুলো মেটাতে সুবিধা হয়। আমরা সীমাবদ্ধতার মধ্যেই রয়েছি। কিন্তু সীমাবদ্ধতা থেকে সম্ভাবনায় উত্তরণ আমরা ঘটাতে হবে। কুড়িগ্রামের ঘটনায় একটি ছানা মারা যাওয়ার খবরটি আমাদের শেখায় যে, প্রতিপালনের সঠিক কৌশল না জানলে সম্ভাবনাগুলো ঝুঁকির মুখে পড়ে। যখন একটি ছাগল একসঙ্গে একাধিক ছানার জন্ম দেয়, তখন তাদের খাদ্য ও পুষ্টির অভাব দেখা দেয়। মায়ের বুকে সব ছানার জন্যে পর্যাপ্ত দুধ না থাকলে বিকল্প খাবারের ব্যবস্থা করতে হয়। তহিদুল ইসলামের পরিবার যেমন বেঁচে থাকা ছানাগুলোকে গরুর দুধ খাইয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, তা প্রশংসনীয় হলেও আরও আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি জানা থাকলে ক্ষয়ক্ষতি এড়ানো যেতো। এজন্যে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও সঠিক পরামর্শের মধ্যদিয়ে কৃষকদের সচেতন করতে হবে, যেনো জন্মলগ্নে ছানার যত্ন, টিকাদান এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত হয়। একটি ছানাও যেনো অবহেলায় মারা না যায়, সেদিকে নজর রাখতে পারলে কৃষক লাভবান হবেন এবং এটি তাঁদের কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। প্রান্তিক খামারিদের জন্যে অনুপ্রেরণা ও উৎসাহ জাগাতে আমাদের এগিয়ে আসতে হবে। জীবনের কঠিন বাস্তবতায় অনেকেই যখন হতাশ হয়ে পড়েন, তখন এই ধরনের ছোট ছোট ঘটনা জীবনের প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তহিদুল ইসলামের সাধারণ একটি দেশি ছাগল থেকে পাওয়া এই শিক্ষা হলো—উৎসাহ ও সঠিক কর্মপ্রচেষ্টা থাকলে যেকোনো ক্ষেত্র থেকেই জীবনকে সফলতার দিকে নিয়ে যাওয়া সম্ভব। গ্রামীণ খামারিদের জন্যে এই বার্তাটি ছড়িয়ে দেওয়া প্রয়োজন যে, সঠিক উপায়ে পশুপালন করলে দারিদ্র্য চিরতরে মুছে ফেলা সম্ভব। যারা চাকরি বা অন্যান্য আয়ের উৎসের অভাবে বেকার হয়ে বসে আছেন, তাঁরা যদি পরিকল্পিতভাবে ছাগল পালনে এগিয়ে আসেন, তবে এটি একটি সম্ভাবনাময় শিল্পে রূপ নিতে পারে। আমাদের দরকার ইতিবাচক মানসিকতা ও উদ্যম। প্রতিটি প্রতিকূলতাকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার মানসিকতাই একজন সাধারণ কৃষককে সফল উদ্যোক্তায় রূপান্তরিত করে।

বৈজ্ঞানিক পরিচর্যা ও আধুনিকায়ন আমাদের কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে; এতে কোনো সন্দেহ নেই। ঐতিহ্যবাহী পদ্ধতির সাথে বৈজ্ঞানিক পদ্ধতির মেলবন্ধন ঘটানো গেলে ছাগল পালনের ক্ষেত্রটি বৈপ্লবিক পরিবর্তনের মুখ দেখবে। ১. সুষম খাদ্য: শুধু ঘাস কিংবা গাছের পাতার ওপর নির্ভর না করে ছাগলকে সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ করা উচিত। ২. নিয়মিত টিকাদান: বিভিন্ন সংক্রামক রোগ থেকে পশুকে রক্ষা করার জন্যে প্রাণিসম্পদ কর্মকর্তা বা স্থানীয় চিকিৎসকের পরামর্শে নিয়মিত টিকা দিতে হবে। ৩. উন্নত প্রজনন: ভালো জাতের পাঁঠা দিয়ে প্রজনন করানো গেলে বা কৃত্রিম প্রজননের সাহায্য নিলে বাচ্চার সুস্থতা ও সংখ্যা বাড়ানো সম্ভব। ৪. পরিস্কার-পরিচ্ছন্ন বাসস্থান: ছাগলের থাকার স্থানটি যেনো শুকনো, আলো-বাতাসপূর্ণ ও পরিস্কার থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই পদক্ষেপে প্রান্তিক খামারিরা যদি উৎসাহিত হন, তবে দেশের প্রতিটি গ্রামেই অসংখ্য ছোট ছোট খামার গড়ে উঠবে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কুড়িগ্রামের ফুলবাড়ীর সেই কৃষক পরিবার ও তাঁদের ছাগলের গল্পটি কেবল একটি সংবাদের বিষয় নয়; এটি আত্মনির্ভরশীলতার এক বার্তা। প্রতিকূলতার মধ্যদিয়ে কীভাবে সফলতার সম্ভাবনা তৈরি করা যায়, এই ঘটনাটি তার জ্বলন্ত প্রমাণ। এই বিরল ঘটনাটি প্রমাণ করেছে যে, অবহেলা ও অনগ্রসরতায় পড়ে থাকা গ্রামীণ জীবনেও অপার আশার বীজ লুকিয়ে থাকে। আমরা বিশ্বাস করি, সরকারের প্রাণিসম্পদ বিভাগ এবং স্থানীয় সুশীল সমাজ যদি এগিয়ে আসে এবং প্রান্তিক খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান করে, তবে আমাদের গ্রামীণ অর্থনীতি আরও বহুদূর এগিয়ে যাবে। সঠিক উদ্যোগ, ইতিবাচক মানসিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা প্রতিটি গ্রামকে এক একটি সমৃদ্ধি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি। কুড়িগ্রামের পাঁচটি ছানার খবরটি আমাদের সেই অসীম সম্ভাবনার পথেই হাঁটার প্রেরণা জোগায়।

প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy