আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও টেকসই সমৃদ্ধি: পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে বিপ্লব

সম্পাদকীয়
বাংলাদেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া যে কতোটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, পঞ্চগড়ে ‘মালচিং’ পদ্ধতিতে সবজি চাষের সম্প্রসারণ তারই এক উজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে উঠেছে। চীন ও জাপানের এই পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় কৃষকেরা জমিতে বেড তৈরি ও পলিথিন শিট দিয়ে ঢেকে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন, যা কৃষিতে সম্ভাবনার নতুন এক দুয়ার উন্মোচন করেছে। অতীতে বর্ষা বা শ্রাবণ মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে সবজিখেত নষ্ট হয়ে যেতো, গোড়া পচে গাছ মারা যেতো এবং ক্ষেত ফাঁকা পড়ে থাকতো; যার দরুন বাজারে সবজির দামও অস্বাভাবিকভাবে বেড়ে যেতো। তবে বর্তমানে এ আধুনিক পদ্ধতির কল্যাণে মাটির আর্দ্রতা ধরে রাখা সম্ভব হচ্ছে, আগাছা জন্মাবে না এবং পলিথিনের প্রতিফলিত আলোর কারণে ক্ষতিকর পোকা-মাকড় ও তাদের ডিমও দূর হচ্ছে।

এর ফলে কীটনাশক ও সেচের প্রয়োজনীয়তা যেমন কমে এসেছে, তেমনি সার ও শ্রমিকের খরচ বেঁচে গিয়ে উৎপাদন খরচ অনেকটাই সাশ্রয়ী হচ্ছে। আবহাওয়া ও পরিবেশের তারতম্য সত্ত্বেও ফসলের উৎপাদন ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ কৃষকেরা বর্ষা কিংবা খরা—সব ঋতুতেই ভরপুর ফসল পাচ্ছেন এবং আগের চেয়ে অনেক বেশি লাভবান হচ্ছেন। যে পদ্ধতিকে শুরুতে জটিল মনে করা হচ্ছিলো, তার সুফল প্রত্যক্ষ করে এখন জেলার আটোয়ারী ও সদর উপজেলাসহ বিস্তীর্ণ অঞ্চলের কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে এতে যুক্ত হচ্ছেন, যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আমাদের পথ দেখাচ্ছে।

এই সাফল্য বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তিকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্যে সমন্বিত ও টেকসই নীতিমালা গ্রহণ করা জরুরি। পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেভাবে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে প্রযুক্তির সুফলকে স্থায়ী রূপ দিতে হলে স্থানীয় পর্যায়ে উচ্চমানের মালচিং পেপার ও আনুষঙ্গিক উপকরণ সহজলভ্য ও সুলভ মূল্যে নিশ্চিত করতে হবে।

শুধু কয়েক’টি গ্রামে সীমাবদ্ধ না রেখে গ্রামের প্রতিটি প্রান্তিক কৃষকের কাছে পৌঁছাতে নিয়মিত প্রশিক্ষণ ও ঋণ সহায়তার ব্যবস্থা করা প্রয়োজন, যেনো মূলধনের অভাবে কারো উদ্যোগ আটকে না থাকে। বিজ্ঞানের অগ্রগতির সাথে কৃষির এই মেলবন্ধন আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে। সরকার ও সংশ্লিষ্ট বিভাগের জোরালো সমর্থনের মধ্যদিয়ে মালচিং পদ্ধতির উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের কৃষি খাত আধুনিকায়নের এক নতুন শিখরে পৌঁছাবে এবং কৃষক সমাজ আত্মনির্ভরশীলতার পথ খুঁজে পাবে।

প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy