তাড়াশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিন রাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
আসন্ন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ০৮ নং দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।

দিন যত গড়াচ্ছে, প্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণায় ততই মুখরিত হয়ে উঠছে পুরো ইউনিয়ন। নির্বাচনী এই উত্তাপের মাঝে গণসংযোগে চরম ব্যস্ত সময় পার করছেন তৃণমূল থেকে উঠে আসা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ।

​দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ স্থানীয় রাজনীতিতে এক সুপরিচিত ও গ্রহণযোগ্য মুখ। তিনি দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দক্ষতার সঙ্গে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন।

​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় বুধবার তিনি ইউনিয়নের ক্ষীরপোতা, চন্ডিভোগ ও কুমাল্লু গ্রামের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

ভোটারদের সাথে কুশল বিনিময়, প্রবীণদের কাছ থেকে দোয়া প্রার্থনা এবং তরুণদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যাপক সমর্থন আদায় করছেন তিনি।

​উক্ত গণসংযোগ ও মতবিনিময়কালে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানি, দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন এবং দেশীগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাফফর হোসেনসহ দলের স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, “আমি অবহেলিত দেশীগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নে আজীবন কাজ করতে চাই। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে এই ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তরিত করাই আমার মূল অঙ্গীকার। ইউনিয়নবাসীর সুখে-দুঃখে আমি যেমন অতীতে পাশে ছিলাম, আগামীতেও একইভাবে নিজেকে উৎসর্গ করতে চাই।”

​স্থানীয় সূত্রে জানা যায় , তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত রাজনৈতিক নেতা সাংগঠনিক দক্ষতার কারণে ইতিমধ্যেই নির্বাচনী দৌড়ে বেশ সুবিধাজনক ও শক্ত অবস্থানে রয়েছেন।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy