

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত পাঠদান ও আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কওছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কাইয়ুম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কাইয়ুম মোল্লা বলেন, “আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য এখন থেকেই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। কোনো একটি বিষয়কে অবহেলা করার সুযোগ নেই। টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা ভালো ফলাফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী সকল বিষয়ে উত্তীর্ণ হতে না পারলে বিদ্যালয়ের নিয়ম ও সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী তার ফরম পূরণের বিষয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখন থেকেই শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।”
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানরা বিদ্যালয়ে কীভাবে পড়াশোনা করছে, নিয়মিত ক্লাস করছে কি না এবং বাড়িতে পড়াশোনায় কতটা মনোযোগী—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট কাইয়ুম মোল্লা আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে টেস্ট পরীক্ষাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন। এ বিষয়ে তিনি চাঁদপুরের বিভিন্ন বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকদের সঙ্গে একাধিকবার মতবিনিময় সভা করেছেন। এসব সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, টেস্ট পরীক্ষার যথাযথ প্রস্তুতি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই টেস্ট পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নয়, শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মূল পরীক্ষায় অংশ নেয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে—এটাই মূল লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিজি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ছাত্র আলহাজ্ব মান্নান সরকার, সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, সাবেক শিক্ষার্থী রাসেল চৌধুরী বাবু, বিদ্যালয়ের সাবেক সদস্য আলমগীর হায়দার, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য নুরুল ইসলাম, অজিউল্লাহ সরকার ও শফিকুর রহমান ঢালীসহ অনেকে।
এ সময় অভিভাবক কাজী বোরহান উদ্দিন, কাইয়ুম চৌধুরী, কামাল চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াসিন, সিনিয়র শিক্ষক আবু নোমান, সায়িদুর রহমান, নুরুল আমিন, শাহজান প্রধানীয়া, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, জাকিয়া সুলতানা, আছমা আক্তার, হ্যাপী পাল ও মো. তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬














