শিক্ষার্থীদের ১২ দফা দাবি আদায়ে মান্দা উপজেলা ছাত্রদলের স্মারকলিপি ও বৃক্ষরোপণ কর্মসূচি

জাকিরুল ইসলাম বাবু, মান্দা (নওগাঁ) :
শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়, শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মান্দা উপজেলা ছাত্রদলের উদ্যোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, স্মারকলিপি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মান্দা উপজেলার মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয়, মৈনম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মান্দা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক ও ন্যায্য দাবি তুলে ধরে ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিটি মান্দা উপজেলা ছাত্রদল নেতা মোঃ তানভির ইসলামের সঞ্চালনায় বাস্তবায়িত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ সাকিব সাদমান অন্তর, স্থানীয় নেতা মোঃ মীর সৈকতসহ মান্দা উপজেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এটাই তাদের প্রত্যাশা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে ভবিষ্যতেও বৃক্ষরোপণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy