

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি :
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আজ ২ অক্টোবর (শুক্রবার) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান পরিবর্তনশীল অর্থনীতির যুগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতির বাইরে গিয়ে নতুন উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রূপান্তরমূলক দক্ষতার সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের প্রতিটি ক্ষেত্রে গতিশীলতা আনতে হবে।”
বিশেষ করে প্রান্তিক জেলা হিসেবে কুড়িগ্রামের কৃষি, ক্ষুদ্র শিল্প ও স্থানীয় কর্মসংস্থানে প্রযুক্তিবান্ধব দক্ষতা তৈরির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান, বিসিক এর উপ-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, এবি পার্টির জেলা আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খান, আলোর ছোঁয়া শিশু ও নারী উন্নয়ন সংঘ এর সভাপতি সিসিলিয়া, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন, আরপিএম গার্মেন্টস এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম রানা সহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ কাজী রীমা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ উম্মুল খায়ের সুমি, প্রশাসনিক কর্মকর্তা জয়নুল হক সহ কুড়িগ্রাম বিসিক এর অনান্যরা।
বক্তারা উল্লেখ করেন, শুধু শ্রম কিংবা কাঁচামাল নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি দূর এগোতে পারে না। উদ্ভাবনী চিন্তাধারা ও আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কর্মদক্ষতা বাড়াতে পারলে জাতীয় অর্থনীতিতে কুড়িগ্রাম জেলা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
কর্মসূচীর শেষ পর্যায়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত সকলকে নিজ নিজ ক্ষেত্রে উদ্ভাবন ও নতুন দক্ষতার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.














