সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, ইউএনও ও থানায় অভিযোগ

সজীব হাসান :

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাহবুব, অন্তর, ছন্দাসহ ৪ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নিজেই।

এদিকে ভুক্তভোগীকে সুবিচারের আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহারে দীর্ঘদিন ধরে তাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে উত্যক্ত, ইভটিজিং ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছিল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশালীন ও ভিত্তিহীন পোস্ট, মন্তব্য এবং বার্তা ছড়িয়ে মানহানিকর কর্মকাণ্ড করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গণে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তাকে প্রকাশ্যে ও গোপনে শ্লীলতাহানির হুমকি দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এর আগেও অভিযুক্তরা কলেজের একাধিক ছাত্রীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার মতো ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তের দাবী জানিয়ে অভিযোগকারী ও প্রত্যক্ষদর্শীরা গণস্বাক্ষর দিবে এবং তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।

এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযোগে উল্লেখিত অভিযুক্তদের সাথে যোগাযোগ করা যায়নি। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সিয়াম হোসেন জানান, লিখিত অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like