

সজীব খান :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের নিবন্ধন কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে হাইমচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাসিক লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলার শ্রেষ্ঠ ইউপি প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক মানিক। একই কার্যক্রমে হাইমচর উপজেলায় গ্রাম পুলিশদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন গ্রাম পুলিশ মো. আরিফ হোসেন খান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন গ্রাম পুলিশ মো. মমিন ঢালী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বিভিন্ন দাপ্তরিক কাজে প্রশাসনকে সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের তিনজন সালাউদ্দিন, রাছেল হোসেন ও গ্রাম পুলিশকেও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ সাফল্য ২ নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের জন্য গর্বের বিষয়। কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যদের নিষ্ঠা, পরিশ্রম ও জনসেবামূলক কার্যক্রম আগামী দিনেও আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
প্রকাশিত: শনি বার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রি.














