কুড়িগ্রামে প্রান্তিক স্বাস্থ্যসেবা ও স্যাকমোদের ভূমিকা নিয়ে ডি-ম্যাবের সম্মেলন

​কুড়িগ্রাম প্রতিনিধি :

​প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের আলমাস কমিউনিটি সেন্টারে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) কুড়িগ্রাম জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

​সম্মেলনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান (মোস্তফা)। এতে সভাপতিত্ব করেন ডি-ম্যাবের কুড়িগ্রাম জেলা শাখার সদস্যসচিব এরশাদুল হক।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডি-ম্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ সিদ্দিকী।

​বক্তারা বলেন, দেশের একদম গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে সাধারণ ও খেটে খাওয়া মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্যাকমোরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই খাতের পেশাজীবীদের ন্যায্য দাবি ও পদোন্নতির বিষয়টি উপেক্ষিত রয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারী বেকারদের শূন্য পদে দ্রুত নিয়োগ বাস্তবায়ন, নতুন পদ সৃজন এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দশম গ্রেড দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাহফুজার রহমান (মারুফ) এবং কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান (টিপু) সহ ডি-ম্যাবের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​দিনব্যাপী এই সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এবং বেকার স্যাকমো ও ডিএমএফ ডিগ্রিধারীরা অংশ নেন।

প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like