

সজীব খান,চাঁদপুর
চাঁদপুর শহরতলির শাহাতলী জেলা কারাগার সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস না পেরোতেই সড়কের একাংশের ঢালাই উঠে যাওয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত স্থানটি মেরামত করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ঠিকাদার কর্তৃপক্ষের উদ্যোগে সড়কের ফ্রিজ উঠে যাওয়া অংশে মেরামতকাজ শুরু হয়।
জানা গেছে, ঠিকাদার আলমগীর (টোল আলমগীর) তাঁর প্রতিনিধি পাঠিয়ে ক্ষতিগ্রস্ত অংশের মেরামতকাজ করান। এর আগে গত শুক্রবার দৈনিক নয়াপ্রভাতে ‘নির্মাণের মাস না পেরোতেই সড়কের ঢালাই উঠে যাওয়া’ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

শনিবার সড়কটির নির্মাণকাজ ও মেরামত কার্যক্রম পরিদর্শন করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারী। এ সময় তাঁরা সড়কটির কাজের অগ্রগতি ও ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কার্যক্রম পরিদর্শন করেন।
এ বিষয়ে সাবঠিকাদার জসিম তপাদার জানান, ক্ষতিগ্রস্ত অংশে গ্রেডিং ও ঢালাইয়ের কাজ করা হচ্ছে। বর্তমানে যেভাবে মেরামতকাজ করা হচ্ছে, তাতে তাঁর প্রত্যাশা, আগামী ১০ থেকে ১৫ বছর ওই অংশে কোনো সমস্যা হবে না।
এদিকে, সংবাদ প্রকাশের পর দ্রুত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পাশাপাশি সড়কটির বেহাল অবস্থা ও নির্মাণকাজের ত্রুটি নিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তাঁরা।
স্থানীয়দের প্রত্যাশা, শাহাতলী জেলা কারাগার সড়কের মেরামতকাজ যথাযথ মান বজায় রেখে সড়কের ঢালাই এর অনিয়মকৃত স্থান যথাযথভাবে সম্পন্ন করা হবে এবং ভবিষ্যতে যাতে সড়কটির কোনো অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রাখবে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ খ্রি.














