সিরাজগঞ্জ তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরির অভিযোগ এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকায় একটি কবরস্থানের বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘটিত এ অমানবিক ও ন্যক্কারজনক চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভাদাস গ্রামের কবরস্থানের বৈদ্যুতিক সংযোগের তার রাতের কোনো এক সময়ে চোর চক্র কেটে নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। ভাদাস গ্রামের বাসিন্দা এ.এস.এম. তোহা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “রাতের আঁধারে ভাদাশ কবরস্থানের বিদ্যুতের তার চুরি। মানুষ তোমরা আর কত নিচে নামবে?”​তার ওই পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আজিজুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা লিখেছেন, “হায়রে মানুষ! আর কত হবে দুনিয়াতে, আল্লাহ সবাইকে হেদায়েত করুন।”

​সোহেল রানা নামে আরেকজন মন্তব্য করেছেন, “সৃষ্টির সেরা জীব হয়ে আর কত নিচে নামবে মানুষ?”

​এছাড়া মো. আব্দুল হাই নামের এক ব্যক্তি হতাশা প্রকাশ করে লিখেছেন, “মনে হচ্ছে চোর সম্ভবত অধিক জ্ঞানের অধিকারী। ভেবেচিন্তে কবরস্থান থেকে চুরি করেছে।”​পবিত্র ও ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত একটি কবরস্থানে এমন চুরির ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে স্থানীয় সচেতন মহল অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রকাশিত: রোববার, ২৫ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like