গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ জাহাঙ্গীর,গাইবান্ধা।
গাইবান্ধায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি ও সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল।

এ ছাড়া জেলা যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

পরে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ সারা দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিভিন্ন অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

বক্তারা এসব অপতৎপরতা রোধে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রকাশিত:  রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 0

You might like

About the Author: priyoshomoy