

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে অবস্থিত কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান প্রকল্পটির দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। পরে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম প্রকল্পটির কাজের উদ্বোধন করেন।
ঠিকাদারের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। চাহিদামতো ঘুষ না দেওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল এবং প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছিল। এ ঘটনায় ঠিকাদার শেখ নোমান রেজা গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল রোববার সকালে আমতলীতে অভিযান চালায়। এ সময় পৌরসভার সামনে থেকে ঘুষের এক লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়। পরে দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, ‘আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান কাজের শুরু থেকেই ঘুষের টাকার জন্য আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ করি। আজ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।’
দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাস বলেন, ‘অভিযোগের পর রোববার আমতলীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর রোববার দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘দুদক পটুয়াখালীর কর্মকর্তারা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। সোমবার সকালে তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 3














