

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী ধামেরঘাট এলাকা থেকে ভারতীয় ৫০০ বোতল ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়নের ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে বোদা উপজেলার ধামেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৬৮/৩৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 3














