চাঁদপুর-মাদারিপুর-গাজীপুর-গোপালগঞ্জ-সিরাজগঞ্জ-বগুড়া-বরিশালে শিশু-কিশোরী-গৃহবধূ ধর্ষণ : গ্রেপ্তার ৮

নিউজ ডেস্ক :

দেশের পাঁচ জেলায় শিশু ও গৃহবধূ ধর্ষণের পৃথক মামলায় গতকাল মঙ্গলবার এক যুবলীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারীপুরের শিবচরে কিশোরী ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বামী-স্ত্রী। এ ছাড়া বরিশালের বানারীপাড়ায় গণধর্ষণের শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা হিন্দু বিধবার ভ্রূণ হত্যার অভিযোগ পাওয়া গেছে। কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

গাজীপুরে ১০ বছরের শিশু ধর্ষণের মামলায় হুমায়ুন কবির (৩৪) নামের এক পোশাককর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছার কলমোহল গ্রামের আব্দুল হামিদের ছেলে। রবিবার বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গতকাল ভুক্তভোগী শিশুর ভাই মামলা করেন। জয়দেবপুর থানার এসআই রাকিবুল ইসলাম জানান, আদালতে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।

মাদারীপুরের শিবচরে এক কিশোরীকে (১৪) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে জাকির হাওলাদার (২৫) নামের এক দোকান কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের মামলায় জাকিরের সহযোগী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দেলোয়ার বেপারী (৩৫) ও জান্নাত (২৭) ভুক্তভোগী মেয়েটির পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন। গত ২ মার্চ রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে। পরে ৪ মার্চ মামলা করেন ভুক্তভোগী মেয়েটির বাবা। পরে রাতে বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ দেলোয়ার ও জান্নাতকে গ্রেপ্তার করে।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযোগে মামলায় আবুল কাশেম গাজী নামের যুবলীগের এক নেতাকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। কাশেম পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আলী আক্কাছ গাজীর ছেলে।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় মো. নাসির খান (৩৫) নামের এক যুবককে গত সোমবার রাতে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গতকাল এ ঘটনায় মামলায় তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় মানিক নামের এক ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মানিক উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের বাদুল্লাহ প্রামাণিকের ছেলে।

বগুড়ার শাজাহানপুরে নারী নির্যাতন মামলায় কথিত প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দাড়িগাছা নতুনপাড়ার মোজাফ্ফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) এবং একই গ্রামের ফজলুর রহমানের ছেলে মেহেদী হাসান পলাশ (২৫)। গতকাল তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

স্থানীয় লোকজন জানায়, দুই সন্তানের মা দিনমজুরের স্ত্রীর সঙ্গে দুই সন্তানের বাবা জাহাঙ্গীরের সঙ্গে পরকীয়ার জেরে একাধিকার সালিস হয়েছে। গত সোমবার তাঁরা আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। জাহাঙ্গীরকে মারধর করে আটকে রাখে দিনমজুরের পরিবারের সদস্যরা। খবর পেয়ে জাহাঙ্গীরের স্বজনরা তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ওই নারী জাহাঙ্গীরসহ ছয়জনকে আসামি করে হামলা-মারধরসহ নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।

বরিশালের বানারীপাড়ায় গণধর্ষণ শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা হিন্দু বিধবার ভ্রূণ হত্যার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ ওই নারী বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় চায়ের দোকানদার ইউসুফ খাঁ ও মজিবর মল্লিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। দুজনই ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করেন। প্রভাবশালী মহলের চাপে ভুক্তভোগী নারী আইনি পদক্ষেপ নিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন গতকাল বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You might like