অনেক কথা

পিতার আদেশ
“বাবার জমিজমায় জমিদারি করলে এটা জমিদারি নয়
নিজে উপার্জন করে দেখ—বুঝবে জমিদারি কারে কয়”
* সন্তানেরা শোন, স্রষ্টার পরে পিতা এবং তোমরাও একদিন পিতা হবা। স্রষ্টার আদেশ যেমন একজন মানুষের পদেপদে মেনে চলতে হয়, তেমনি পিতার আদেশ যদি কোনো সন্তানসন্ততি মেনে চলে, সে জীবনে চলার পথে হুঁচোট খায় বা খাবে কম। যে আদেশ গ্রহণ করে সে উপদেশ দিতে পারে। আর সন্তানদেরকে উপদেশ দিয়ে যাওয়া সকল পিতার কর্তব্য এবং একজন আদর্শবান পিতা তাই করে।
* পিতার আদেশ-উপদেশ একজন সন্তানের জন্যে গুরুত্বপূর্ণ বিষয়। কোনো পিতা চায় না বা চাইবে না তার সন্তান হোক আদর্শহীন, অসামাজিক, অশিক্ষিত, অসভ্য ও বর্বর—এক কথায়—অমানুষ। মনে রাখবে, স্রষ্টার পরে বাবার আদেশ-উপদেশের ওপরে আর কোনো আদেশ-উপদেশ নেই। একজন সন্তানের প্রথম স্কুল হলো—তার ঘর তারপর বিদ্যালয়। আর একজন সন্তানের প্রধান শিক্ষক হলো—তার মা-বাবা তারপর শিক্ষক। ঘর থেকে যে শিক্ষা অর্জন করতে পারল না, সে পৃথিবীর কোনো বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করতে পারবে না। আর স্রষ্টা, মা-বাবা ও শিক্ষককে যে মান্য মনে করে না বা করবে না, সে জীবনে উন্নতি করা তো দূরে থাক, মানুষ হতেও পারে না এবং পারবে না।
* মন ভালো যার জীবন ভালো তার। মনটাকে সব সময় বড় রাখবে—দেখবে, মাটিতে থেকেও তুমি আকাশের অধিকারী।
* ভালো কাজ করার জন্যে অর্থ বা টাকা লাগে না, লাগে একটি ভালো মন। মন দিয়ে সবকিছু জয় করা সম্ভব। জীবন এমন একটা চক্রের নাম—ঘুরে ঘুরে বহু উত্থানপতন আসবে, ধৈর্য ধরে নিজের সঙ্গে পরামর্শ করবে এবং বেশি বেশি স্রষ্টাকে স্মরণ কবরে। মনে রাখবে, কেউ তোমার সঙ্গে না থাকলেও স্রষ্টা তোমার সঙ্গে আছেন এবং থাকবে। তোমার ভালোমন্দের মালিক একমাত্র স্রষ্টা। স্রষ্টা ছাড়া দুনিয়ার কোনো ইনসান তোমার ভালো করতে পারবে না, না করতে পারবে মন্দ। আরও মনে রাখবে, কেউ তোমার বিপদ-উদ্ধারে সাড়া দেবে না, দিলেও দেবে হয়তো সামনে কিছু সান্ত্বনা—পেছনে পরিহাসের হাসি তুমি দেখবে না। সুতরাং সান্ত্বনার চেয়ে শূন্যতা ভালো। ধৈর্য আর নীরবতা সুখের চাবিকাঠি। দুঃখ বা বিপদ একদিন তোমার কেটে যাবে, সুখ বা সচ্চলতা ফিরে আসবে; তখন সুখের বন্ধু অনেকেই হতে আসবে কিন্তু তুমি সব সময় মনে রাখবে, তোমার দুঃসময়ে বা দুঃখদিনের সঙ্গী কে ছিল।
* তুমি যতই বড় হতে থাকবে ততই তোমার হৃদয়ের সঙ্কীর্ণতাকে গুটিয়ে ফেলবে। কুঁড়ের ঘরে তোমার জন্ম হয়েছে তাতে কী, কুঁড়ো মন নিয়ে কখনো চলাফেরা বা জীবনযাপন করবে না। রাজা তুমি না হলেও কিন্তু রাজার মন নিয়ে চলো। কারও ভালোবাসা পাবে না ঠিক তবে যে-স্থান এবং যে-রাজ্যে তুমি বসবাস করবে সে-স্থান এবং সে-রাজ্যকে ভালোবাসবে। যার ঘরে গিয়ে এক গ্লাস পানি পান করবে তার কথা সব সময় মনে রাখবে। অকৃজ্ঞকারীর জায়গা সবচেয়ে নিচে। ঈশ্বরের ঘৃণিত পাত্রের মধ্যে অকৃতজ্ঞকারী অন্যতম।
* কোনো কিছু পাওয়ার লক্ষ্যে মিথ্যার আশ্রয় নেবে না, যা তোমার ভাগ্যে লিপিবদ্ধ আছে তা তুমি যে-কোনো উপায়ে পাবে—পেয়ে যাবে। বরাতের ওপরে কারও হাত নেই। মনে রাখবে, বরাতের চেয়ে বেশি ও কম তুমি কখনো পাবে না। তবে চেষ্টায়, সততায় ও পরিশ্রমে ভাগ্য প্রসন্ন হয়।
* কোনো পদক্ষেপের আগে গভীর চিন্তা করবে। পরিকল্পনা ব্যর্থ হবে কিন্তু নিরাশ হয়ে থেমে যাবে না, বারবার চেষ্টা করবে—তাতে উদ্দিষ্টস্থানে পৌঁছতে না পারলেও গন্তব্যের একটা রাস্তা পাবে।
* পৃথিবীতে এমন কিছু নামী জিনিস আছে যা ভুল থেকেই প্রতিষ্ঠিত বা তৈরি হয়েছে। তাই ভুল করলে নিরাশ হয়ে ছেড়ে দেবে না অথবা ভেঙেচুরে ফেলে দেবে না; চেষ্টা করবে আরও করবে, চেষ্টার নামই হচ্ছে—সফলতা।
* দুর্বল হবে কিন্তু কারও কাছে দুর্বলতা প্রকাশ করবে না; তোমার দুর্বলতায় শুধু শত্রু নয়, বন্ধুও সুবিধা লুঠার চেষ্টা করবে।
* সৎ ও সততা হারাবে না, সৎ ও সততার চেয়ে বড় কোনো সম্পদ নেই। মন্দের দুর্গতি সীমাহীন। কারও ভালো যদি করতে নাও পারো তবে মন্দ করবে না, মন্দের গ্লানি তোমাকে উচুঁ হয়ে দাঁড়াতে দেবে না।
* বংশমর্যাদা রক্ষা করে যে চলতে জানে না, সে উচ্চবংশীয় হতেই পারে না। যত পারবে কথা কম বলবে, বাচালতা অভদ্রতার পরিচয়। যখন-তখন যার-তার সঙ্গে ঠাট্টাপরিহাস করবে না। অসভ্যতায় ওজন ও সম্মান দুটোই কমে যায় আর নম্রতায় ব্যক্তিত্ব বাড়ে। নিজের ওজন রেখে যে চলতে জানে, সে সম্মান অর্জন করতে পারে।
* ছোট হবে, কখনো ছোট মনের পরিচয় দেবে না। বড় হবে, নিজেকে কখনো বড় দেখাবে না। নিন্দার রাজা হওয়ার চাইতে সম্মানের গরিব থাকা ভালো। রাজপোশাক পরে মাটিতে বসলে ক্ষতি নেই, তাতে মান যত বাড়বে নিন্দুকের সংখ্যা তত কমবে। পৃথিবীর সৌন্দর্য সব মাটিতে, মাটির সঙ্গে মিশতে পারলে তুমি প্রকৃত রাজা।
* কোনো কিছুতেই প্রাণপণে জিতার চেষ্টা করবে না। জিততে জিততে যদি হেরে যাও তবে আফসোস করো না, সহজেই হার মেনে নিতে পারলে পরবর্তীতে জিতার অভিজ্ঞতা পাবে। মরণপণে জিতার চেয়ে হেরে যাওয়া ভালো। মরতে মরতে অথবা সংঘর্ষের মধ্যে কোনো কিছু অর্জন বা লাভ হলে তা সম্মানের বা গৌরবের তো নয়ই, বরঞ্চে বেশিরভাগ ক্ষতির হয়।
* ধর্ম সবকিছুরই একটা থাকে—আছে, সেটা আদতও হতে পারে অথবা বদাভ্যাসও হতে পারে। ছাগল যেখানে-সেখানে মুখ লাগায়—এটা ছাগলের ধর্ম। কুকুর যেখানে-সেখানে মুত্র ত্যাগ করে আর শুকে—এটা কুকুরের ধর্ম। শুকুর নিকৃষ্ট ময়লা-আবর্জনা খায়—এটা শুকুরের ধর্ম। আর কিছু মানুষ আছে যেখানে-সেখানে গায়ে পড়ে মাতে এবং বিবাদ সৃষ্টি করে—এটা কিছু মানুষের স্বভাব বা ধর্ম। এগুলো মানুষ তো বটে তবে বেশিরভাগ অজ্ঞ, মূর্খ, বেয়াদব এবং হিংসুক প্রকৃতির হয়, কেউ ভালো বললেও তার গা জ্বলে খবরদার এসব মানুষের কাছ থেকে দূরে থাকবে এবং গায়ে পড়ে মাতলেও বা কানাঘুষা মেরে মাতাতে চাইলেও এদের সঙ্গে মুখ লাগাতে যাবে না। এরা সম্মান কী জানেও না, বুঝেও না এবং কাউকে সম্মান দিয়ে কথাও বলে না বা বলবে না। নিজের সম্মান বাঁচাতে হলে এদের এড়িয়ে চলা সম্মানী মানুষের ধর্ম এবং কর্ম হওয়া উচিত। এরা যাকে-তাকে নিজের মতো ভাবে এবং ভাববে—বুঝতে হবে, এটা এদের ধর্ম। চোরের আড্ডায় বসলে ভালো মানুষও যেমন চোর বলে গণ্য হয়, তেমন মদের আড্ডায় বসলে মদখোর না হলেও গণ্য হয় মদদি আর এবাদতখানায় বসলে সাব্যস্ত হয় সবাই এবাদতি। মনে রাখবে, যেখানে তোমার বসবাস এবং যার সাথে তোমার অবস্থান যার সাথে তোমার আসর তার সাথে তোমার হাসর। ভালো বা মন্দ কারও কপালে লেখা থাকে না, তার আচরণে এবং ব্যবহারে বোঝা যায় সে কেমন। আরও মনে রাখবে, অন্যের সম্মান রক্ষা করলে নিজের সম্মান বাড়ে।
* অন্যের দোষের বিচারক না হয়ে নিজের দোষের বিচারক বনো—উকিল বনো না। সবকিছুতেই ভুল স্বীকার করো, নিজের ভুল যে বুঝতে পারে সে-ই শ্রেষ্ঠ মানুষ হতে পারে। প্রতারিত হলেও প্রতারক হবে না, প্রতারণা সবচেয়ে ঘৃণিত কাজ। ঠকবে ঠকাবে না, ঠকলে তুমি লাভবান আর ঠকালে তোমারই লোকসান।
* কোথাও—কোনো কাজে ব্যর্থ হলে দিশে হারাবে না, আত্মবিশ্বাস সফলতার চাবিকাঠি। সব সময় নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করবে, পরের ওপর ভরসা করলে হয়তো প্রতারিত হবে নাহয় তো বিশেষকোনো ক্ষতির সম্মুখীন হবে। তাই নিজের কাজ নিজে করা উত্তম। নিজের অর্জনে বা উপার্জনে কাউকে ভাগিদার করবে না, সে যতই তোমার আপনার হোক; শ্রম বিনা যে যা পাবে সে তার মর্মার্থ বুঝবে না। ভাই হোক অথবা সন্তান শ্রম ব্যতীত পেলে সে তার মর্যাদা দেবে বা রক্ষা করবে দূরে থাক, শোকরগুজারও হবে না—এটাই বাস্তবতা জেনো।
* যে-কোনো কাজে সতর্কতা অবলম্বন করবে, দেখেশুনে পা রাখলে কাঁটা ফুটার আশঙ্কা কম। উপার্জন করবে—লোভ করবে না, লালসার আশা মারাত্মক। পরিশ্রমী হতে পারলে করুণার প্রভাব তোমাকে প্রভাবিত করতে পারবে না। ক্ষতি হবে—ধৈর্যহারাবে না, ধৈর্যহারালে কেউ সফল হতে পারে না।
* পথ পিচ্ছিল যতই হোক পা স্থির রাখবে। জীবনের লক্ষ্য কী—পদেপদে মনে রাখবে, লক্ষ্যচ্যুত হলে কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। বিপদ-আপদ কদম-কদমে আছে—আসবে, মনোবল হারাবে না এবং দিশেহারা হবে না—সব সময় নিজের বুদ্ধিতে কাজ করবে, তাতে ভিখারি হলেও দুঃখ নেই—কিন্তু, পরের বুদ্ধিতে রাজা হতে যাবে না—ভিখেরি হয়েও বাঁচতে পারবে না।
* অচেনা পথে অনর্থক—বেশিক্ষণ অবস্থান বা ঘুরাফেরা করবে না। কারণ, যেপথ তোমার অচেনা সেপথের সবকিছুই তোমার অজানা। সুতরাং সেপথ তোমার জন্যে বিপজ্জনক।
* ‘নাম’ ‘নাম’ করে কখনো নামের পেছনে দৌড়াবে না—বদনাম হবে। ‘ধন’ ‘ধন’ করে যতই ধনের পেছনে ছুটবে ততই নির্ধন হবে। লোভ যতই বাড়বে জীবন ততই গতিহীন হবে। চাওয়া বেশি হলে মনের শান্তি কমে যায়। ছোট ছোট আশা ও ছোট ছোট প্রাপ্তি—তাতে আনন্দ কম থাকলেও থাকবে বড় স্বস্তি। বড় বড় আশা আর বড় বড় প্রাপ্তি—তাতে বড় আনন্দ আছে বটে—কিন্তু, চলে যেতে পারে শান্তি। সুতরাং ছোট গাছে হাওয়া লাগে কম। তাই ছোট থেকো, মুষড়ে পড়ার আশঙ্কা বেশি নেই। মনে রাখবে, বড় হলে সবকিছু বড় দিয়েই সমাধান করতে হয়—হবে।
* গড়ার চেয়ে বেশি বেশি শেখা চাই, কোনোক্ষেত্রে ভালোভাবে জানা না থাকলে ভালোভাবে গড়া আদৌ সম্ভব নয়—হোক সেটা যতই সহজ কাজ বা ক্ষুদ্র জিনিস।
* শিক্ষা আসলেই একজন মানুষের বড় সম্পদ। এই সম্পদের কোনো ভাগ হয় না। তাই যত পারো শিক্ষা অর্জন করো, শিক্ষা ছাড়া তুমি অন্ধ আর অন্ধের জিন্দেগিতে আলো-আঁধার এক সমান। তুমি শিক্ষিত হলে তোমার প্রজন্ম শিক্ষিত। আর একজন বাবা শিক্ষিত হলে বেশিরভাগ সন্তানের জীবন আলোকিত। তাই শিক্ষার্জনের কোনো বিকল্প নেই।
* বারবার বিফল হবে কিন্তু সফলতার জন্যে মরিয়া হয়ে ওঠবে না। কারণ, মরণপণ চেষ্টা ও অতিরিক্ত চাওয়া দুনোটাই বিপজ্জনক।
* দুঃখ জীবনে সব সময় থাকবে—দুখী যতই হবে কিন্তু দুঃখ কাউকে দেখাবে না, নিজের মনেই তা পুষে রাখবে; কারও কাছে দুঃখ প্রকাশ করতে গেলে, সে তোমার দুঃখের লাঘব হবে না। বরঞ্চ সামনে কিছুটা সান্ত্বনা দিলেও পেছনে করবে পরিহাস ও সমালোচনা। ভাইবন্ধু ও আত্মীয়স্বজন যতই হোক আপনজন, তোমার দুঃখের ভাগিদার কেউই হবে না—হয় না। কাজেই যারা দুঃখ বহন করতে পারে তারাই একদিন সুখের রাজা হয়—হতে পারে।
* কিছুতেই অতিরিক্ত রাগান্বিত হয়ো না। অতিরিক্ত রাগ মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে এবং চরম বিপদে ফেলে। অতএব জ্ঞানহারার পূর্বে নিজের অবস্থানে ফিরে এসো। রাগ দমন করতে পারলে তুমি মহাপুরুষ।
* জীবনে বহু দিন বাঁচবে কিবা এক দিন। তবে যত দিন পৃথিবীতে বাঁচবে, পৃথিবীর আলো-বাতাস ভোগ করবে—পৃথিবী তোমার যত উপকারে আসছে; তুমিও পৃথিবীর তত উপকার করে যাবে। অকৃতজ্ঞকারী শয়তানের প্রতিরূপ আর শয়তান প্রকাশ্যে আল্লাহর শত্রু। অকৃতজ্ঞকারীর কখনো উন্নতি হয় না। এক ঢোক পানিরও শোকরিয়া আদায় করবে। উপকার ছোট হোক অথবা বড়—উপকার এক টাকার হলেও সেটা উপকার। উপকারীর উপকার স্বীকার করবে, তা হলে জীবনে মানুষ হতে পারবে।
* পরের গল্প শুনে আশ্চর্য না হয়ে নিজেই গল্প বনো। পৃথিবীতে আসা মানে, খেয়েদেয়ে ও আরাম-আয়াশ করে চলে যাওয়া নয়। পৃথিবীতে আসা মানে, পৃথিবীর জন্যে তোমার কিছু দায়িত্বও বর্তায় আর যে দায়িত্বে ব্যর্থ হবে, সে সবকিছুতেই ব্যর্থ। মনে রাখবে, যা কিছু তুমি ভোগ করছ—ভোগ করবে সবকিছুরই প্রতিদান দিতে চাইবে এবং চেষ্টা করবে।
* নিজেকে কখনো নিঃসঙ্গ মনে করবে না। কেউ তোমার সঙ্গে থাকুক বা না-থাকুক স্রষ্টা তোমার সঙ্গে আছে। ভালো কাজে কারও সঙ্গ পাবে না ঠিক কিন্তু স্রষ্টা সব সময় ভালো কাজের সঙ্গে আছে—থাকবে আর স্রষ্টা সঙ্গে থাকলে সৃষ্টি তোমার ক্ষতি করতে পারবে না। সব সময় স্রষ্টাকে স্মরণ করে চলবে। আরও মনে রাখবে, এবাদতই একমাত্র ভালো কাজ নয়—প্রতিটি ভালো কাজই এবাদত আর কোনো এবাদতেই টাকার প্রয়োজন নেই।
* বাবার নাম বাবার, তোমার নাম তোমার। বাবার নামে তুমি চলতে পারবে না এবং তোমার নামে বাবা। যার যার নামে তার তার পরিচয়। বাবা বড় হলে তুমি তার ছেলে, তুমি বড় হলে তিনি তোমার বাবা—মাত্র এতটুকুই গৌরবের। কিন্তু, এতে নিজের কোনো গৌরব নেই। নিজের কর্মবলে বড় হতে না পারলে অন্যের নামে সব ম্লান।
* মনে রাখবে, জিন্দেগি বা জীবন কোনো পরিশ্রমের নাম নয়। কাউকে তুমি আদর্শক করে জীবন কাটাবে—এটা কোনো বাবা চায় না বা চাইবে না। বরঞ্চ, তোমাকে অনেকে আদর্শ মানুক, এটা সকল পিতার কামনা। আমরা যেই পরিবেশে বড় হয়েছি, সেখানে বলতে গেলে ছিল না কোনো গতিক আর তোমরা যেই পরিবেশে বড় হচ্ছ—এরচেয়ে ভালো কী আর আশা কর? সুতরাং তোমাদের পৃথিবী আর আমাদের পৃথিবীর মধ্যে আসমান-জমিনের পার্থক্য। আমাদের পথচলায় যা কঠিন ছিল তোমাদের জন্যে হয়েছে তা সহজ। কাজেই তোমরা পারবে না আজকে এমন কোনো কাজ নেই। চেষ্টা আর পরিকল্পনা এক হলে বাধা কোথাও বিপত্তি হতে পারে না। তবে এই নয় যে, কল্পনা করবে আর প্রতিষ্ঠিত হবেই; প্রতিষ্ঠার জন্য শ্রম আর অধ্যবসায় দুটোই বিশেষ জরুরি। আমি বলছি না, তোমাকে রাতদিন খোঁদাই করে মেহনত-মজদুরির মাধ্যমেই বড় হতে হবে। এটা শ্রম নয়—পরিশ্রম। রাতদিন হাড়ভাঙা খাটুনি বা পরিশ্রম করে কেউ প্রতিষ্ঠা লাভ করতে পারে না। তোমাকে প্রতিষ্ঠিত হতে হলে বুদ্ধির খাটুনি জরুরি। বুদ্ধির মাধ্যমে তুমি যেটা সহজে অর্জন করতে পারবে, সারা জীবন পরিশ্রম করে সেটা অর্জন করতে পারবে না। জীবন তোমাকে কিছুই দেবে না, না ভাগ্যে; তুমি জীবনকে যা কিছু দেবে, জীবন তোমাকে সেটা ভাগ্যরূপে ফেরত দেবে। এটাই জিন্দেগি বা জীবন।
* জীবনের প্রাপ্তি কী? কোনো জিনিস হারিয়ে গেলে হতাশাগ্রস্ত হয়ো না বা বিমর্ষ হয়ে পড়ো না। তুমি যত গরিবই হওনা কেন, হোক সেটা খুব দামি জিনিস। জীবনই তো একটা হারানো বিজ্ঞপ্তি। এই দামি জিনিস যখন তোমার একদিন হারাতে হবে—তা হলে? অন্য জিনিস হারিয়ে গেলে তাতে কী আসে-যায়। কিছুটা ক্ষতি নাহয় হলো। মনে রাখবে, এখনো তুমি জিন্দা আছ এটাই তোমার জীবনের বড় প্রাপ্তি।
* ভালোর বিপরীত মন্দ। ভালো যেখানে আছে মন্দ সেখানে থাকবে। মন্দ না থাকলে ভালোকে বোঝা সম্ভব না। অতএব যে মন্দ নয় সে ভালোও নয়। ভালোমন্দ মিলে একজন মানুষ। তবে এমন মন্দ হয়ো না, যেই মন্দ তোমাকে আজীবন মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না।
* গোপনিয়তা পরম বন্ধুর কাছেও প্রকাশ করবে না। বলা তো যায় না, পরম বন্ধু কখন চরম শত্রুতে পরিণত হয়। তাই সমস্যা যত থাকুক, গোপনিয়তা রক্ষা করে চলবে।
* শয়তান সব সময় ফেরেশতার রূপ ধারণ করে। সুতরাং কারও ভালো রূপ দেখে অভিভূত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। জানা যত সহজ বোঝা তত কঠিন। কারও ভালোমন্দ জানার সাথে সাথে তাকে বোঝার চেষ্টা করো। দুনিয়াতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মানুষকে বোঝা। মানুষ যদি সহজে মানুষকে বুঝতে পারত, তা হলে সমস্যা বলে কোনো শব্দ আভিধানিক হতো না।
* নিজের দুই হাতকেও কখনো আপন মনে করবে না। তোমাকে কেউ আলোর শহর দেখাচ্ছে, তুমি তোমার আঁধার স্থানটাকে ভালো জানবে। তোমাকে কেউ দুনিয়া দিচ্ছে, তুমি ক্ষুদ্রকে আঁকড়ে ধরবে। তোমাকে কেউ আকাশে ভ্রমণ করাচ্ছে, তুমি মাটিকে ভালোবাসবে। তোমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসছে কে, মনে করবে না যথার্থ ভালোবাসা। তোমার জন্যে জান দিতে পারে, তার থেকে শত গজ দূরে থাকবে। সুতরাং অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না, ভাইকেও না। আমি দুনিয়াকে খুব কাছ থেকে দেখেছি, ফেরেশতার মতো যারা চলে—কথা বলে তারাই দুনিয়াকে ধোঁকা দিচ্ছে বেশি। মিষ্টি হাসি ও মিষ্টভাষী দুটোই সবথেকে জঘন্য। কাজেই অতি বিশ্বাসীকে বিশ্বাস করো না। মনে রাখবে, দুনিয়াটা মিষ্টির আড়ালে লুকানো—ধোঁকা।
* কথায় আছে ‘নিজে ভালো হলে জগৎ ভালো’ কিন্তু আমি দেখেছি, কিছু ক্ষেত্রে নিজে ভালো হলেও দুনিয়া ভালো হয় না। সেক্ষেত্রে তোমাকে বক্রতা অবলম্বন করতেই হবে, তোমাকেই পরিবর্তন হতে হবে। আমি এটা বলছি না, তুমি পুরো জাতি এবং গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারো। তবে আমি এটা নিশ্চিত বলতে পারি, তুমি এক জনের মনমানসিকতা ভালো হলে তোমার দেখা আরও দশজনের মনমানসিকতা ভালো হবে আর এভাবে সমগ্র জাতি ও পুরো পৃথিবীর পরিবর্তন হতে পারে।
* জন্মজয়ের চেষ্টা করো। আমড়াকাঠের ঢেঁকি হয়ে বাপু, জন্মের অভিশাপ বা পৃথিবীর বোঝা হয়ো না! পৃথিবীতে এসেছ, পৃথিবীর কোনো-না-কোনো উপকারে আসার চেষ্টা করো। তোমার করা-না-করায় পৃথিবীর কোথাও কোনো পার্থক্য আসবে না বা প্রভাব পড়বে না। তবে, পৃথিবীর জন্যে কিছু করে যেতে পারলেই তা তোমারই লাভ—পৃথিবীতে আসা তোমার সার্থক। মানবজন্ম শুধু নিজেই খেয়েদেয়ে ও আরাম-আয়াশি করে চলে যাওয়ার নাম নয়। মানবজন্ম অপরের জন্য কিছু করে যাওয়ার নাম—জন্মজয়।
* কখনো বলো না এটা করা যাবে না বা এটা কিছুই হবে না। কিছু না হবে বলে কোনো জিনিস ছুড়ে ফেলে দিয়ো না। অবজ্ঞার মধ্যে সফলতা নেই। কোনো জিনিসকে তুচ্ছ মনে করা অজ্ঞতার পরিচয়। মনে রাখবে, নগণ্যও কখনো বরণ্য হয়। তবে বরণীয় থেকে স্মরণীয় দীর্ঘায়ু। যা করবে স্মরণীয় করার চেষ্টা করবে। একবার প্রশংসিত হওয়ার চেয়ে বারবার মনোনীত হওয়া ভালো—তাতে শ্রেষ্ঠত্ব বাড়ে। জীবন ক্ষুদ্র হতে পারে তবে জীবনযাত্রা কখনো ছোট ভাববে না। দুনিয়াকে মানচিত্রে যতই ছোট দেখো, দুনিয়ার পরিসীমা অনেক বড়—বহুত লম্বা সফর।
* আত্মপ্রচেষ্টায় বড় হতে চেষ্টা করবে, তাতে মর্যাদার অফুরন্ত তৃপ্তি। ধিক্কিত বড়লোকি থেকে মর্যাদার গরিবি শ্রেয়। কর্ম ছোট হোক লজ্জা নেই কিন্তু চুরি করবে না এবং দুঃখকষ্টে যতই নিপতিত হও তবে ভিক্ষা করবে না, চুরি ও ভিক্ষা আত্মমর্যাদাকে খাটো বা বিলীন করে। সুতরাং কাপুরুষের জিন্দেগির চেয়ে উত্তম পুরুষের মরণ ভালো। যত দিন বাঁচবে সিংহের জিন্দেগি গড়ার চেষ্টা করবে। কারণ, কুকুর ওফাদার হলেও কুকুরের জিন্দেগি ঘৃণিত।
* কারও ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ো না। অন্যের ভরসায় পথচললে হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেকবেশি। নিজের কাজ নিজে করতে পারলে ঠকার আশঙ্কা কম। তাই যে-কোনো কাজ নিজের দায়িত্বে করো, তাতে ঠকলেও ভালো—অভিজ্ঞতা বাড়বে এবং অর্জন করতে পারবে।
* হারবে—হতাশ হবে না, হারলে শেখা যায় বেশি। জিতার আনন্দ একবার তবে হারার দুঃখের মধ্যে শেখার আনন্দ বারবার। ভুল না করলে কেউ সংশোধন হতে পারে না। কিন্তু—তিনটে জিনিস হারাবে না, হারালে আর পাওয়া যায়—যাবে না—সততা, বিশ্বাস ও মূল্য। সততার ওপরে কোনো নীতি নেই, বিশ্বাসের ওপরে কোনো ভিত্তি নেই আর মূল্য ছাড়া মানুষের কোনো স্থিতি বা স্থান নেই। তাই অকেজো জিন্দেগির চেয়ে কাজের একপল বাঁচা শ্রেয়।
* সব সময় সত্যের পক্ষে থাকবে। সত্যের চোখে ধুলা ফুঁকে মিথ্যাকে তো জয় করা যায় তবে তা চিরস্থায়ী নয়। সত্য একদিন পাতাল থেকেও ভেসে ওঠে। অতএব কোথাও সত্যের টুটি চেপে মিথ্যাকে বাঁচানোর চেষ্টা করবে না। মনে রাখবে, অপরাধ যত নগণ্যই হোক—অপরাধী।
* সবাই যেখানে বড় সেখানে তুমি ছোট থাকবে। নিরহঙ্কার ও দানশীল হতে পারলে জীবনে কখনো পতন আসবে না। দুঃখেকষ্টে সে-ই বেশি ভোগে, যে দান করে সুনাম খুঁজে এবং কৃতজ্ঞতার বদলে কৃতঘ্ন হয়। টাকাপয়সা বেশ আর কম সবার কাছে আছে—থাকে—থাকবে কিন্তু দেওয়ার মনমানসিকতা এবং কারও উপকার করার ক্ষমতা সবার মধ্যে থাকে না। কারণ, এটা খোদায়ী ব্যাপার—খোদার প্রদত্ত দান। এটা যার মধ্যে আছে সে শুধু মানুষের কাছেই নয়, স্রষ্টার কাছেও প্রিয়। কাজেই সৃষ্টির থেকেও বেশি স্রষ্টার প্রিয়জন হতে চেষ্টা করবে। তবেই একজন মানুষের ইহকাল ও পরকাল দুটোই সার্থক।
* যে তোমাকে এক গ্লাস পানি পান করিয়েছে তার কৃতজ্ঞতা স্বীকার করো। অকৃতজ্ঞ ব্যক্তির ওপরে ওঠার কোনো সিঁড়ি নেই। মনে করতে পারো, ওপরে ওঠা ছাড়া তুমি চলতে পারছ। তবে এমন চলার চেয়ে না চলাই ভালো।
* ছোট মন নিয়ে কখনো চলাফেরা করবে না। ছোট মনের মানুষ নিন্দিত হয় আর নিন্দার কার্যবলি সব সময় সমালোচিত হয়। ভবিষ্য ভালো করতে চাইলে নিন্দার থেকে বাঁচবে।
* কারও সমালোচনায় যাওয়ার আগে নিজের আলোচনায় বসবে—দেখবে, সমস্ত সমালোচনাই তুমি ভুলে গেছ।
* সকল অভদ্রতার মাঝে তুমি ভদ্রতা বজায় রাখবে। তোমাকে কেউ আঘাত করে করুক কিন্তু তুমি তাকে প্রতিঘাত করো না। ঘাতকের ভাগ্য কখনো প্রসন্ন হয় না। জেনে রেখো, প্রকৃতি বা প্রাকৃতিক শাস্তি এমন এক জিনিস যা কর্মফলে মিলেই মিলে।
* দুনিয়াতে সম্মান রক্ষা করে বা বজায় রেখে চলতে হলে কমবেশি অর্থের প্রয়োজন হয়—আছে। তবে এর মানে এই নয় যে, যে-কোনো উপায়ে তোমাকে অর্থ উপার্জন করতে হবে। ধন এবং ধন্য এক নয়। ব্যবসা করলে তুমি কখনো-না-কখনো ধনী হবে ঠিক তবে ধন্য হতে পারবে না। ধন্য করতে পারে একমাত্র জ্ঞানচর্চা। ধনের চর্চা দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব না যা জ্ঞানের চর্চা দিয়ে সম্ভব। তাই ধনীর চেয়ে ধন্য হতে পারলে তুমি মরেও অমরত্ব লাভ করতে পারবে।
* ব্যবসা করবে, ব্যবসা পবিত্র ও সম্মানীয় পেশা। অপবিত্র এবং অসম্মানী হলো, ভেজাল ও অতি মুনাফা। ব্যবসা ছাড়া কেউ ধনী হতে পারে না। তবে ভেজাল ও অতি লাভের আশা করবে না। ঠকানোর ব্যবসা যারা করে তারা ব্যবসায় উন্নতি করতে পারে না। আমি এমন কতক ভেজালি ব্যবসায়ী দেখেছি, তারা অতি মুনাফা করে রাতারাতি ধনী হয়েছে ঠিক তবে দিনের শেষে পতন হতে দেরি লাগেনি! তাই ব্যবসা করলে সততার সঙ্গেই করবে। সততা অবলম্বন করতে না পারলে কোনো ব্যবসায় উন্নতি নেই আর ব্যবসায় উন্নতি লাভ করতে না পারলে ধনী হওয়া সহজ না। ব্যবসায় ঠকানো ও ভেজাল করা প্রকৃত ব্যবসায়ীর ধর্ম নয়।
* কারও কাছে ভাগ্য বিক্রি করো না। সৃষ্টিকর্তা কাউকে কর্তা করে দুনিয়াতে পাঠান না। মানুষ আত্মপ্রচেষ্টায় বড় হয় এবং হতে হয়। তুমি জোছনার মতো আলোকিত হতে চাইলে, তা হলে তোমাকে চন্দ্র হওয়ার অনুশীলন করতে হবে। তুমি ফুলের মতো বিকাশিত হতে চাইলে, তোমাকে কাঁটার মধ্যে ফুটতে হবে। তুমি স্বর্ণের মতো দামি হতে চাও? তা হলে তোমাকে বারবার পুড়তে হবে। মনে রাখবে, কঠোর অধ্যবসায় ছাড়া কোনো কিছুই সহজে লাভ করা সম্ভব না।
* যে মানুষ মনের অন্ধকার ঘুচাতে পারবে না, সে জীবন আলোকিত করতে পারবে না। ক্ষুদ্রমনা ব্যক্তি ওই সঙ্কীর্ণ গলির মতো যা প্রশস্ত হওয়ার ক্ষমতা রাখে না।
* ভাগ্য কী? হা করে আসমানের দিকে বসে থাকার নাম ভাগ্য নয়। তুমি যা করবে তা তোমার হাতে ফিরে আসবে—এটাই ভাগ্য। তুমি কিছু না করে ‘ভাগ্য’ ‘ভাগ্য’ করে গলা ফাটালে ভাগ্য কখনো সঙ্গ দেবে না। তোমার ভাগ্য ভালো হওয়ার অবস্থান তোমাকেই তৈরি করতে হবে। কষ্ট ছাড়া কেউ ভাগ্যবান হয় না।
* জীবনে তুমি কী হতে পারলে সেটা বড় কথা নয়, জীবনে তুমি কী করতে পারলে সেটাই বড় বিষয়। সব সময় দেওয়ার আশা রাখবে, প্রতিদানের আশা করো না। যত দিতে পারবে তত তোমার ভাগ্য প্রসন্ন হবে। তুমি কে সেটা ভুলে যাও, তোমাকে কী করতে হবে সেটা মনে রেখো। তুমি চেষ্টা বা কাজ না করে ভাগ্যের দোষ দেওয়া বোকামি। চেষ্টার শেষপর্যায়ে গিয়েও যদি কিছু না মিলে সেটা কর্মের দোষ জেনো—ভাগ্যের নয়। ভালো কাজের প্রতিদান মানুষ দিতে পারে না কিন্তু স্রষ্টা দেয়—স্রষ্টা থেকে পাবেই পাবে।
* তোমার থেকে বেশি ধনী বা বড়র সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাবে না। তোমার থেকে বেশি ধনী বা বড় হলে সে তোমার সম্মানের দাম দেবে না। তুমি যতটুকুই ধরতে পারো ততটুকুই হাত টেনো, তার থেকে বেশি ধরতে গেলে হয়তো তোমাকে লাফাতে হবে নাহয় তো সিঁড়ি বেয়ে ওপরে ওঠতে হবে; তারচেয়ে ভালো সমান্তরালে থাকা। আশ্রিত পথচলা মানেই পড়ে যাওয়া নিশ্চিত। বারবার বিপদমুখী হওয়া বড় ক্ষতির আশঙ্কা।
* করুণার আশা একমাত্র করুণাময়ের কাছে করো—করুণের কাছে নয়। পৃথিবীর কোনো শক্তি বা অপশক্তি তোমার ক্ষতি ও ভালো করতে পারবে না, যদি-না তোমার ভালোমন্দ করুণাময় চায়। তাই করুণের কাছে করুণার আশা করা ভুল। প্রতিটি কাজে স্রষ্টাকে স্মরণ করে চললে সৃষ্টির মঙ্গল আর স্রষ্টাকে ভালোবাসা ছাড়া সৃষ্টি অচল।
* যে-কোনো পদক্ষেপে প্রথমে একবার নিজের সঙ্গে পরামর্শ করবে। তারপর আপনজনের সঙ্গে। তারপর পরিকল্পনামতো একটা নকশা তৈরি করবে। তারপর সঠিক পথ ধরে চলবে। স্বপ্ন সাকার করতে হলে পরিশ্রম যেমন জরুরি সততা আর নিষ্ঠাও তেমন জরুরি। সততা ও নিষ্ঠা যেকাজে নেই সেকাজে কোনো সফলতা নেই।
* শত্রু হোক অথবা বন্ধু কাউকে অবহেলা করতে নেই। শত্রুকে অবহেলা করলে করবে বোকামি আর বন্ধুকে অবহেলা করলে শুরু হবে শত্রুামি। তবে বুদ্ধিমান সে, যে দ্বন্দ্ব এড়িয়ে চলে। কিছুতেই দ্বন্দ্বে জড়িয়ে শত্রুামি বাড়ানো বুদ্ধিমানের কাজ নয়।
* ‘একটুকিছুতে আর কী হবে’ এই একটুকিছুকে কিছুই মনে না-করা মারাত্মক ভুল। একটি কথা মনে রাখবে, একটু একটুতে সমুদ্র হয় এবং একটু একটুতেই পাহাড় বনে। একটুকিছু বিবেক জাগলে মানুষ মহামানব হয়—হতে পারে। সুতরাং একটুকিছুকে কিছুই না-ভাবা অনেক কিছু। এই একটুকিছুই একদিন বড় কিছুর কারণ হয়।
* ‘টাকাই সবকিছু নয়’ ঠিক আছে। তবে কদম-কদমে তোমার টাকার প্রয়োজন আছে, না হলে তোমার ইহকাল গড়া কষ্টকর। পরকালের ভালোর জন্যে টাকার প্রয়োজন না থাকলেও কিন্তু টাকায় অনেক পুণ্য কামা যায়। তজ্জন্যে তোমাকে দানী হতে হবে প্রচুর আর তোমার দানের প্রকৃত মনোবাসনা যদি না-থাকে তবে তুমি ধনী হতে পারবে না।
* শত সম্পদের চেয়ে জীবন বড় জেনো। যেখানে দেখবে সম্পদ টিকবে জীবন টিকবে না, সেখানে কোনো অধিকার-আদায়ে যাবে না। প্রাণহানির চেয়ে ত্যাগ করা ভালো। সম্পদ ফিরে আসবে কিন্তু জীবন ফিরে আসবে না। হকের জন্য যুদ্ধ জায়েজ তবে জীবন গেলে তোমার—হক কার?
* যেখানে মানহানির আশঙ্কা সেখানে তর্ক করতে বা কথা বলতে যাবে না। সম্মান খোয়ানোর চেয়ে রক্ষা করা জরুরি।
* মেধাশক্তি সকলেরই থাকে এবং আছে বরং তা কাজে লাগাতে হয়—হবে। তোমাকে কিছু অর্জন করতে হলে একনিষ্ঠভাবে তার পিছু ছুটতে হবে। শ্রম আর সাধনা ছাড়া কিছুই অর্জন করা যায় না—যাবে না।
* তোমাকে এটা পারতেই হবে, এমন কোনো কথা নেই। জোর দিয়ে কোনো কিছু আদায় হয় না বা করা যায় না। যে-কোনো কিছু সহজভাবে মেনে নাও—দেখবে, তোমার সবকিছু সহজ হয়ে গেছে।
* শেষ বলতে কোনো কিছু নেই। বিশ্ব একটি ঘূর্ণায়মান চক্র। রাতদিন যেভাবে ঘুরছে, এভাবেই বিশ্বচক্র চলছে; এভাবেই অনন্তকাল চলবে। আমি তো জীবনের শেষপ্রান্তে চলে এসেছি। সুতরাং আমার হয়েছে শেষ, তোমার হয়েছে শুরু; এই চক্র চলবে। আমি যেটা সম্ভব করতে পারিনি সেটা তোমার হাতে অর্পণ করে যাচ্ছি, তুমি সকল অসম্ভবকে সম্ভব করে দাও—এটা আমি বলছি নে। তবে তুমি আমার চেয়ে অনেকবেশি অগ্রসর হতে পারবে, এটা আমার ধারণা নয়—আশা ও বিশ্বাস। ধারণার মধ্যে ভুল থাকলেও আশা ও বিশ্বাসের মধ্যে বাস্তবতা আছেই। মা-বাবার স্বপ্ন লালিত থাকে সকল সন্তানের মধ্যে। অতএব সন্তান যোগ্যতর হতে পারলে সকল অভিভাবক ধন্য।
* সত্য যেমন তিক্ত হয়, কোনো দুঃখও তদ্রূপ মিষ্ট নয়। সত্য বললে যদ্দুর নিন্দিত হবে, দুঃখে পড়লেও তদ্দুর অবহেলিত হবে—হও—তবে দুঃখ প্রকাশ করে অবহেলিত হওয়ার চেয়ে সত্য বলে নিন্দিত হওয়া ভালো। সুতরাং সত্য বলতে যতটু কুণ্ঠাবোধ করবে না দুঃখ প্রকাশ করতে ততটু সঙ্কোচিত হবে। কারণ, সুখের সময় যত বন্ধু পাবে দুঃখের সময় তত মুখ ফিরাবে। এটা পুরানো কথা—তাই তুমি কারও দুঃখের ভাগিদার হতে না পারলে, হয়ো না সুখের ভাগিদার।
* তুমি দেশের সম্পদ হতে পারবে না বটে তবে দশের সম্পদ হতে চেষ্টা করো। দশের সম্পদ হতে পারলেই তুমি দেশের সম্পদ আর এভাবে একদিন হলেও হতে পারো তুমি পৃথিবীর সম্পদ।
* জীবন হোক কিংবা গাড়ি কোনোটাতেই বেপরোয়া হতে নেই। জীবনে চলতে হলে ধৈয্য এবং সহ্যের খুব প্রয়োজন আর গাড়ি চালাতে গেলে সতর্কতার। দুটো যতই বুঝেসুজে ধীরগতিতে চালানো যায় ততই চালকের জন্যে মঙ্গল। কাজেই জীবন আর গাড়িতে কখনো বেপরোয়া হয়ো না।
* প্রশংসার চেয়ে নিন্দা ভালো। জেনে রেখো, মানুষের কাছে যতই নিন্দিত হবে মালিকের কাছে ততই প্রশংসিত হবে। মানুষ তোমাকে ভালো বলুক অথবা মন্দ, তোমার কোনো উপকারে আসবে না এবং কিচ্ছু যায়-আসবে না। ভালো কাজে ঘৃণিত হবে—হও, তাতে মনে করবে সফলতার একধাপ এগিয়েছ। তোমার লক্ষ্য কী তোমাকেই বুঝতে হবে। অতএব গন্তব্যে পৌঁছতে হলে লক্ষ্যবস্তু ঠিক রেখে অনেক কিছু ডিঙিয়ে যেতে হয়—হবে।
* ধনী হওয়া যত সহজ না, তারচেয়ে আত্মাওয়ালা হওয়া আরও কঠিন। মানুষ যত বড় সম্পদের মালিকানাই হাসিল করুক-না কেন, হৃদয়ের মালিক হতে না পারলে সবখানে, সব জায়গায় এবং সব মালিকানাই ছোট। তাই ক্ষুদ্র আত্মার ধনী হওয়ার চেয়ে বড় মনের গরিব থাকা ভালো।
* বিদ্যা ও শিক্ষা এক নয়। জীবনের সবকিছুতেই অভিজ্ঞতা অর্জন বা শেখার দরকার আছে। তোমাকে কিছু শিখতে হলে, প্রথমে তোমার (ঘর) মা-বাবার ভুলশুদ্ধ থেকে শিখতে হবে। তারপর পরিবার-পরিজন, সমাজ-মহল্লা ও পাড়া-প্রতিবেশির আচরণ থেকে। তারপর দশ ও দেশের কাছ থেকে। এবার তুমি বেশ অভিজ্ঞ এবং বিদ্যা ছাড়াও অনেকটা শিক্ষিত। বিদ্যালয়ের পাঠ থেকে কেউ ওসব অভিজ্ঞতা অর্জন করতে পারে না। ঘর নিয়ে পরিবার গঠিত, পরিবার-পরিজন আর আশপাশ ও পাড়াপ্রতিবেশি নিয়ে সমাজ-মহল্লা। এখান থেকে তুমি যেই শিক্ষা অর্জন করতে পারবে—দশ ও দেশ কেন, পৃথিবীর কোনো বিদ্যালয় থেকে তা অর্জন করতে পারবে না।
* যার কাঁধ ব্যবহার করে ওপরে ওঠছ—ওঠবে, তাকে কখনো ভুলে যেয়ো না এবং যাবে না। পারলে তার জন্যে মাথার ওপর স্থান গড়বে, না পারলে পদেপদে তার কথা স্মরণ করবে এবং তার মঙ্গলের জন্যে সব সময় খোদার কাছে প্রার্থনা করবে। তবেই তুমি একটি স্থানে স্থির থাকতে পারবে, নইলে তোমার পতনের ধারা কিছুতেই রুখতে পারবে না। মনে রাখবে, যে তোমার ওপরে ওঠার সিঁড়ি হয়—হবে, সে তোমার নিচে নামারও সিঁড়ি হবে।
* ভাগ্য বলে একটি কথা আছে ‘কপালে যদি থাকে এমনি এমনি আসে’ ডাহা মিথ্যে কথা। এমনি এমনি কোনো কিছু হয় না এবং পাওয়াও যায় না। আসমানের দিকে হা করে থাকলে যদি খাওয়া মিলত, তা হলে মানুষের আর এত দুর্ভোগ পোহাতে হতো না। ‘কিছু পেতে হলে কিছু দিতে হয়’ তেমনি ভাগ্য ফেরাতে হলে (কঠোর পরিশ্রম আমি বলছি না, শ্রম তো অবশ্যই করতে হবে) সৎভাবে জীবনযাপন করতে হয়—হবে। তুমি কোনো কাজকর্ম না করে শুধু ‘আল্লাহ দাও’ ‘আল্লাহ দাও’ এই ‘দাও’ ‘দাও’ করে মুখের লালা ফেনা করলে আল্লাহ দেয় না এবং ভাগ্যও প্রসন্ন হয় না। আল্লাহর ওপর ভরসা রাখলে আল্লাহ দেবে ঠিক আছে কিন্তু তার জন্যে তোমাকে একটা মাধ্যম বা অবস্থান তৈরি করতে হবে। আল্লাহ হাতটেনে কাউকে খাইয়ে দেন না। খাওয়ার জন্যে তোমাকেই হেঁটে যেতে হয় খাবারের কাছে। তোমাকেই নিজের হাতে পেড়ে বা বানিয়ে খেতে হয়। আল্লাহর প্রস্তুত করা দুনিয়ার মধ্যে আল্লাহ কিছু নিয়মাবলী ও বিধিবিধান রেখেছে, সেই নিয়মানুযায়ী চললে আমিও বলি আল্লাহয় দেয় এবং দেবে। কিন্তু সেজন্যে তোমাকে তালাশ করতে হবে। ভাগ্যে কী আছে তোমার খুঁজে দেখতে হবে। তুমি একবার ভাগ্যই যাচাই করলে না আর বলতে শুরু করলে—ভাগ্য খারাপ! ভাগ্য খারাপ! এমন ভাগ্য সব সময় খারাপই থাকে—থাকবে। হায় হায়ের জিন্দেগিতে কোনো সফলতা নেই। আজ পর্যন্ত কেউ শুনেছে আসমান থেকে টাকার বস্তা পড়েছে? স্রষ্টার কাছে টাকার মেশিন নেই যে, স্রষ্টা তোমার জন্যে বস্তা বস্তা টাকা ছেপে দেবে। ওটা কামাই করে নিজেকেই নিতে হয়—হবে। হাঁ হাঁ, আল্লাহই আমাদেরকে দেয়—দেবে কিন্তু আমরা খোঁজ করে সেপথ আগে বের করতে হয় এবং হবে আর এখান থেকে যা পাওয়া যায়—যাবে কিংবা উপার্জন করা হয়—হবে—এটাই আমাদের ভাগ্য। মনে রাখবে, ভাগ্যে সাথ দেবে তখনই, যখনই তুমি নিজপায়ে দাঁড়াতে শিখবে এবং কর্মের মাধ্যমে একটা রাস্তা সৃষ্টি করবে; তারপর ভাগ্য তোমাকে হাঁটাচ্ছে-কি-দৌড়াচ্ছে তুমি নিজেও তা উপলব্ধি করতে পারবে না।
* ভুল করে তুমি অনেক কিছু খোয়াতে পারো। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিলে হয়তো ভবিষ্যতে একদিন অনেকবেশি লাভবানও হতে পারো। শোন—ভুল থেকে যে শিক্ষা নেয় না, ক্ষতির থেকে সে বাঁচতে পারে না।
* তর্ক করো, তবে তার সঙ্গে করো, যে যুক্তি বুঝে; তার সঙ্গে নয়, যে তর্কে কাবিল। জ্ঞানীর সঙ্গে তর্ক করলে জ্ঞান বাড়বে আর মূর্খের সঙ্গে তর্ক করলে অজ্ঞতাই পাবে। সবক্ষেত্রে নীরবতা ভালো নয় তবে স্থান ত্যাগ করা ভালো।
* জীবনে যত বড় হও না কেন, অতীত ভুলে যাবে না। অতীত ভুলে যাওয়া মানুষ আবার অতীতেই ফিরে যায়। কাজ ছোট হোক অথবা বড়, যে-কোনো কাজকে গুরুত্ব দেবে এবং গুরুত্বসহকারে করবে। হয়তো সেকাজে কোনো উপার্জন নেই কিন্তু সেখান থেকে হতে পারে যেই অভিজ্ঞতা অর্জন করতে পারবে, একদিন তোমার জীবনের মোড় পালটে দেবে অথবা দিতে পারে।
* জীবনে তিনটি মানুষকে কোনো দিন ভুলে যাবে না—
. যে তোমার উপকার করেছে
. যে তোমাকে পথ দেখিয়েছে
. যে তোমাকে সৎ পরামর্শ দিয়েছে
এবং জীবনে এ তিনটি লোককে কখনো ইয়াদ করবে না—
. যে তোমার বিপদে পিঠ দেখিয়েছে
. যে তোমার দুঃসময়ে মুখ ফিরিয়ে নিয়েছে
. যে তোমার বিশ্বাস ভঙ্গ করেছে
আর জীবনে এ তিন ব্যক্তির কাছ থেকে দূরে থাকবে—
. যে অন্যকে ব্যবহার করে
. যে নিজের স্বার্থ ভালো বুঝে
. যে ক্ষুদ্র মনমানসিকতা নিয়ে পথ চলে
* সুন্দর হওয়ার চেয়ে সুন্দর মনের মানুষ হওয়া জরুরি। সুন্দর মনের মানুষের সবকিছু সুন্দর হয়। আঘাত পেলে আকাশের দিকে চাও, আকাশ কত উদার। রাগ হলে মাটির দিকে দেখবে, মাটি কি না সহ্য করে। দুঃখকষ্ট জীবনের অংশ। দুঃখ ছাড়া যেমন সুখ লাভ করা কঠিন, কষ্ট ছাড়াও তদ্রূপ সাফল্যার্জন অসম্ভব। সুখ ও দুঃখ জীবনখাতার প্রতিটি পাতায় পাতায় আছে এবং থাকবে। তবে সুখের চেয়ে দুঃখের অবস্থান জীবনে বেশি। জীবনকে উপলব্ধি করা তখনই যায় এবং যাবে যখন প্রয়োজনের পর্ব শুরু হয়—হবে। প্রিয়জনের কাছেও প্রয়োজনের দরকার আছে, নইলে মূল্যহীন। উন্নতির চূড়ায় ততক্ষণ পৌঁছতে পারবে না যতক্ষণ-না নীতি ও নৈতিকতা ঠিক করবে না। ‘মানুষ বড়ই অকৃতজ্ঞকারী’ তারা মানুষের মুখোশ তো পরে থাকে তবে নীতিনৈতিকতা থেকে অনেক দূরে। লক্ষ্যভ্রষ্ট হয়ে পথ চললে যেমন গন্তব্য অনিশ্চিত, কৃতঘ্ন হলে তেমনই উন্নতির গোড়া হালকা। এক কথায়, কৃতঘ্ন ব্যক্তির কোনো উন্নতি নেই। মন ভালো যার জীবন ভালো তার। উদারমনা মানুষ আর সঙ্কীর্ণমনা মানুষের মধ্যে পার্থক্য অনেক, উদারমনা মানুষ চিন্তা করে উদার মনোভাব নিয়ে তার সর্বস্ব দিয়ে এবং সঙ্কীর্ণমনা চিন্তা করে তার সঙ্কীর্ণতা মেপে—দুহাতে পকেট চেপে ধরে। তাই—জীবনে বড় নাও হও কিন্তু উদার হবে।
* স্রষ্টা তোমাকে কোনো সৌন্দর্য দান করেননি, তার মানে এই নয় যে, স্রষ্টা তোমাকে ভালোবাসেননি বা তোমার ভালো চাননি। হয়তো তোমাকে এমন কিছু গুণের অধিকারী করে রেখেছেন, পৃথিবীর সকল সৌন্দর্য তোমার কাছে ম্লান।
* আমি বলছি না, তোমাকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহন করতে হবে। আমি এটাও বলছি না, তুমি বিশ্ব জয় করে ফিরো। আমি বলছি, তোমার জায়গা থেকে তুমি চেষ্টা করো—তোমার একটা আলাদা পরিচয় গড়ো—হোকনা সেটা সবার পিছে অথবা সবার থেকে নিচে। মনে রাখবে, মানুষের কাতারে দাঁড়াতে পারলেই তবে তোমার জন্ম সার্থক। সৃজনশীল ব্যক্তি মাত্রই আলাদা। তাই বলে তোমাকে সৃষ্টি করতে হবে না বড় বড় কোনো উড়োজাহাজ বা রেলগাড়ি। হাঁ, তোমার দ্বারায় হোকনাবা একটি দেশলাইয়ের কাঠি।
* জীবনকে প্রতিটি মুহূর্তে উপলব্ধি করবে এবং জীবনের প্রতিটি ঘটনাবলি থেকে শিক্ষা নেবে। সৃষ্টিকর্তা তোমাকে মস্তিষ্ক দিয়েছেন চিন্তা করার, অতএব প্রতিটি মুহূর্তে চিন্তা করবে। হাত দিয়েছেন কাজ করার, অতএব কাজ করবে। চক্ষু দিয়েছেন দেখার, সুতরাং দেখবে। জ্ঞান দিয়েছেন জানার, সুতরাং জানবে। বিবেক দিয়েছেন বোঝার, কাজেই ভালোমন্দ বুঝবে আর বুদ্ধিবিবেচনা করে পথ চলবে এবং পদক্ষেপ গ্রহণ করবে। জেনে রেখো, সতর্কতার অপমৃত্যু নেই। সাবধানতার চোখে ধুলা পড়লে বড় কোনো ক্ষতি হয় না।
* নিঃস্ব বা গরিব হলেও কখনো মন ছোট করবে না, ব্যক্তিত্ব বজায় রেখে চলবে। বরঞ্চ মনে করবে—হাত-পা-মন ও মস্তিষ্কে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি। এই জিনিস পৃথিবীর কোনো বাজারে কেনা পাওয়া যায় না। তখন দেখবে, কোনো গরিবি তোমাকে ঘায়েল করতে পারছে না। হাত-পা-মন-মস্তিষ্ক সচল থাকলে সে কখনো গরিব নয়।
* যত পারবে আত্মা বড় রাখবে এবং সৎ ও সততা ধরে রাখবে—আদর্শবান হতে চেষ্টা করবে—দেখবে, জিন্দেগি বেশ উন্নত না হলেও সুন্দর হবে। না, আমি বলছি না—তা হলে মহামানব বা মহাপুরুষ হয়ে যাবে। আদর্শ এমন এক জিনিস, যেটা মানুষকে সম্রাট বানাতে না পারলেও মহান করতে সাহায্য করে।
* ‘আমার’ ‘আমার’ করে কিছুতেই মালিকগিরি দেখাবে না। মনে রাখবে, মালিক একমাত্র আল্লাহ। তোমার বিরাট কাজকারবার থাকতে পারে, তাতে তুমি মালিক হতে পারো তবে জেনে রেখো, আসল মালিকের থেকে বড় নও। আরও মনে রাখবে, এই যে ধনসম্পদ তুমি পেয়েছ—ভোগ করছ এগুলোর মালিক তুমি নও—তোমাকে মাত্র এগুলোর তত্ত্বাবধায়ক করা হয়েছে। তুমি যদি তার সঠিক পরিচালনা করতে ব্যর্থ হও, তা হলে মনে রেখো, তোমার থেকে তা চিনিয়ে নেওয়া হবে। তোমার যেখানে সেকেন্ডের ভরসা নেই, সেখানে অন্য সবকিছুর ভরসা অবান্তর।
* জীবন তোমার, সেটা তুমি যেভাবে কাটতে চাও কাটাতে পারো। মনকে যেভাবে চালাতে চাও চালাতে পারো। তোমার মনের মালিক কিন্তু তুমি নও, তবে আদতের মালিক তুমি। কোনো মা-বাবা চাইবে না তাদের সন্তানাদি পথভ্রষ্ট হোক বা পরবর্তী জীবনের কাঠগড়ায় অপরাধী হোক। প্রত্যেক মা-বাবাই চায় তাদের সন্তান শিক্ষিত বা সুশিক্ষিত অথবা স্বশিক্ষায় মানুষের মতো মানুষ হোক। এবার তোমার মুদ্রাদোষে তুমি মানুষ হতে পারনি বলে ভাগ্য বা পারিপার্শিকতার দোষ? নিজেকে বদলানোর আগে আদত বদলাও, তারপর নিজেকে বদলাও। আদত বদলানো কীভাবে যায়? প্রথমে হাবভাব—তারপর চালচলন—তারপর আচরণ। কাপড় পালটিয়ে ভালো দেখালে কিন্তু ভালো মানুষ হওয়া যায় না।
* কিছু কিছু ক্ষেত্রে আত্মাহঙ্কার থাকা ভালো, নইলে মানুষের মূল্য থাকে না। গায়ে পড়ে বা দায়ে পড়ে কারও সঙ্গে মাতবে না, যে তোমাকে একবার সালাম করে তুমি তাকে বারবার সালাম করবে। উপকারীর উপকার স্বীকার করবে এবং দানের প্রতিদান দিতে চেষ্টা করবে। ঠকলেও কাউকে ঠকাবে না। ঠকলে ভালো, কপাল ভালো হয় আর ঠকালে মন্দ—নিজেরই ক্ষতি। সবক্ষেত্রে জিততে চাওয়া ক্ষতি, কোনো কোনো ক্ষেত্রে পরাজয় ভালো; হয়তো সেই পরাজয় তোমাকে একদিন চরম বিজয় এনে দেবে। তাই জীবনযুদ্ধের প্রতিপদে হার আছে—হারলে মন খারাপ করবে না এবং হতাশ হবে না। ধৈর্য ধরবে—স্রষ্টার ওপর ভরসা রাখবে। ‘ধৈর্যের ফল মিঠা হয়’ হাঁ, মিঠা হয়।
* পিছে দৌড়াতে হলে একমাত্র সফলতার পিছে দৌড়াও, সুখ বা আনন্দের পিছে নয়। কারণ, সফলতা তোমাকে অমরত্ব দিতে না পারলেও কিছু-না-কিছু দেবেই। সুখ আর আনন্দ বড়ই ঠুনকো—ক্ষণিকের জীবনযাপন—স্থায়িত্ব কিছুই দিতে পারে না এবং পারবে না।
* তোমাকে অনেকেই ধোঁকা দেয়? দিক। কিন্তু তুমি কাউকে ধোঁকা দেবে না। বরঞ্চে পারলে অথবা সম্ভব হলে সে ধোঁকাবাজদের এক জনের জন্যে হলেও কিছু-না-কিছু করো; তা হলে দেখবে, ধোঁকাবাজদের অনেকেই তোমার কাছে ছোট না হলেও তাদের বিবেকের কাছে ছোট হচ্ছে এবং হবেই।
* কখনো বাইশটা জিনিসের পিছে না ছুটে মাত্র একটা জিনিসের প্রতি আকৃষ্ট হও বা দৌড়াও, হোকনা সেটা যত অসম্ভব বস্তু বা কাজই—দেখবে, একদিন সে তোমাকে ধরা দেবেই অথবা দিতে বাধ্য।
* বড় যদি হতে হয় তবে কাউকে অনুসরণ বা অনুকরণ করে নয়, বরং নিজের একটা স্থান তৈরি করো; তাতে আলাদা মানুষ যেমন হবে তেমন আলাদা সম্মানও বাড়বে। সুতরাং অনুকরণ-অনুসরণে নিজের কোনো কৃতিত্ব নেই।
* জ্ঞান ও ধন এক নয়। জ্ঞান তোমার নিজের এবং ধনের মালিক সবাই। ধনীর চেয়ে জ্ঞানী বড়। তাই যত পারো জ্ঞান উপার্জন করো। ধন তোমার একসময় নাও থাকতে পারে কিন্তু জ্ঞান সব সময় তোমার নিজের সঙ্গে থাকবে।
* ধনোপার্জনের নেশায় মত্ত হয়ো না। ধনোপার্জনের মোহে অনেকে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এত ধন দিয়ে কী করবে? জীবন তো একটাই—বড়ই ক্ষীণ, কখন তোমার চলে যেতে হয় তুমি নিজেও তো তা জানো না। অতএব খালি হাতে এসেছ খালিই যেতে হবে, এসব ধনসম্পদ সঙ্গে যাওয়ার তো নয়। হাঁ, জিন্দেগি গঠনের জন্যে অর্থের কিছু প্রয়োজন আছে ঠিক; তার মানে এই নয় যে, দুনিয়ার সম্পদ তোমার জমা করতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি সবকিছু বোঝা। ধন থাকলে দান করে যেয়ো, তাতে তোমার মঙ্গল—পরকাল সুখকর।
* ধনী না হবে কিন্তু জ্ঞানী হওয়ার চেষ্টা করবে। জ্ঞান অর্জন করতে পারলে তুমি গুণী। যত পারবে জ্ঞানোপার্জনের চেষ্টা করবে। জ্ঞান জীবনের শ্রেষ্ঠ পাথেয়।
* মানুষকে তুমি বুঝতে হলে তোমাকে অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। দুনিয়াতে একমাত্র কঠিন কাজ হলো মানুষকে বোঝা। তুমি তোমার ঘরের মানুষকে বুঝতে পারলে দুনিয়ার মানুষকে বোঝা তোমার সহজ হবে। সবার মা-বাবা ও ভাইবোন সঠিক আচরণ করে না, তারা প্রকৃতভাবে এমনই হয়—হবে। তাদের প্রতি দুঃখ থাকতে পারে তবে অভিযোগ কার কাছে করবে? তাই এদের কথা বাদ দাও। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব চিনতে পারবে কখন? যখন তোমার বিপদ হবে অথবা কারও সঙ্গে বনিবনা হচ্ছে না বা তর্কাতর্কি কিবা ঝগড়াঝাটি হচ্ছে তখন। ‘বিপদে বন্ধুর পরিচয়’ এখানে নিঃস্বার্থভাবে কে তোমার সঙ্গ দিলো বা পাশে দাঁড়াল সে-ই তোমার প্রকৃত আপন জেনো। অর্থবান হলে তার জন্যে কিছু করো, অতটা অর্থ না থাকলেও যতটুকু পারো সহযোগিতা করো এবং তার যে-কোনো বিপদ-আপদে সাড়া দিয়ো—মদদ করো। এটাই তুমি হওয়ার চেষ্টা করো। উপকার যা—যতই নগণ্য হোকনা কেন, কৃতজ্ঞতা ভুলে যাওয়া মানুষ কখনো মানুষ হতে পারে না।
* ধনের চেয়ে মনের মালিক বড়। ধন দিয়ে সবকিছু অর্জন করা যায় না, যা মন দিয়ে করা যায়। উপার্জন করতে হলে মন দিয়ে করো, তা স্মরণীয় হয়। যুদ্ধ করে যা জয় করা হয় তা অনেকক্ষেত্রে পরাজয়ের কারণ হয়। কারও মনে দুঃখ দিয়ে বা কারও ক্ষতি করে রাজ্য হাসিল করার চেয়ে নিঃস্ব থাকা মঙ্গলের।
* আমার দেখা পৃথিবী—সংসারের বড়ছেলে হয়েছ বলে কিছুটা দায়িত্ব বর্তাবে ঠিক। কিন্তু, এমন দায়িত্ববান হতে যেয়ো না, নিজের সর্বস্ব ভুলে। কাল তোমার দুর্বলদিনের লাঠি কেউ—কোনো ভাইবোন হবে না—এমনকি মা-বাবাও না। মনে রাখবে, সকলে নিজের স্বার্থ, নিজের সুখ ও নিজের ছেলেমেয়ের ব্যস্ততা নিয়ে ব্যস্ত দিন কাটাবে। তোমার বর্তমান কিবা অবর্তমানে তোমার স্ত্রী-সন্তান-সন্ততির খবর কেউ ভুলেও নেবে না। ভুলের থেকে যে শিক্ষাপ্রাপ্ত হয়—সে সফল হয় আর ভুলের থেকে যে শিক্ষাপ্রাপ্ত নয় সে পদেপদে অপদস্থ হয় ও কষ্ট পায় এবং সেই ভুলের মাশুল গুনে তাকে আজীবন যেতে হয়। দুনিয়াটা তু দিয়েকে মু দিয়ে। তুমি সংসারকে দিতে দিতে নিজে সর্বস্বান্ত হয়ো না। অবশেষে একটি কথাই শুনবে, কী করেছ। যেটা করেছ সেটা ভুল করেও কেউ বলবে না, যেটা করোনি সেটা বারবার ঘুরেফিরে উত্থাপন হবে। এটাই দুনিয়ার রীতি এবং এটাই বাস্তবতা। কাল তোমাকে কেউই একচুল ছাড় দেবে না। সবাই তোমার ভুলের কথা বলবে কিন্তু তোমার সরলতা বা উদারতার কথা কেউই বলবে না। তুমি নিঃম্ব হও অথবা রোগাক্রান্ত তাতে কারও কিছু যায়-আসবে না। তাই এমন ভুল করো না, নিজের স্ত্রী-সন্তানাদির কাছেও পদেপদে অপদস্থ হতে হয়।
* জীবনে হয়তো এমন পরিস্থিতি আসতে পারে বা পরিস্থিতিতে পড়তে পারো, সামনে মৃত্যু ছাড়া তোমার আর কোনো পথ খোলা নেই অথবা দেখবে না। তাতে কি, জীবন যতক্ষণ আছে সমস্যা বা পরিস্থিতি ততক্ষণ থাকবে—আছেই। তাই বলে মৃত্যুই সঠিকপথ ভেবে নেওয়া বা কল্পনা করা বোকামি। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। রকিং চেয়ারে বসে দোলতে দোলতে হুঁকোয় টান দাও আর ভাব—দেখ, ধোঁয়াগুলো মুখ থেকে বের হয়ে কীভাবে ছড়িয়েছিটিয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। এভাবে মিলিয়ে যাওয়া খুব সহজ কিন্তু পুনরায় মুখে পুরে ডুকানো কঠিনই নয়, একেবারে অসম্ভব। জীবনকে ধোঁয়ার মতো ওড়াতে বলছি না। বলতে পারো, ধূমপানই তো মরণের মূলযন্ত্র। হাঁ, তবে আত্মহত্যার চেয়ে ধূমপানের মৃত্যু বড় নয়। কিছু ক্ষেত্রে ধূমপান সমস্যা সমাধানের শুধু পথই বের করে দেয় না, বরং মূলমন্ত্রের মতো কাজও করে এবং করতে পারে। চিন্তা করো—গভীর মনোযোগে, ধোঁয়া আপনা-আপনি কীভাবে চতুর্দিকে পথ খুঁজে নিচ্ছে তার গন্তব্যে পৌঁছার। গভীর চিন্তাশীলদের জন্যে অনেক পথ খোলা এবং খুলে যায়।
* আজও ‘আমি পারব না’ বলার সংখ্যা অনেক! আজও ‘অসম্ভব’ ‘অসম্ভব’ করে ছেড়ে যাওয়ার লোক বহু! আজও ‘এসব তুচ্ছ’ মনে করার মানুষ ঢের! তবে, আজকাল এতে কিচ্ছু ‘হবে না’ বললে তুমি বোকামি করছ। আজকাল এটা ‘পাওয়া যাবে না’ বললে তুমি এখনো অজ্ঞ। ওঠ—দাঁড়াও—দেখ, আসমানে কি কোনো ছিঁদ্র দেখা যায়? পানি কীভাবে পড়ছে? তুমি বলবে আল্লাহর দয়ায়—আমিও বলি তাই। চাষাবাদ করে ফসল কে ফলায়? তুমি বলবে চাষী—আমিও বলব ঠিক আছে। আল্লাহর কাজ তো আল্লাহয় করছে কিন্তু তোমার কাজ কে করবে? তোমাকে চেষ্টা করতে হবে না? খেতফসল ও চাষাবাদ করতে হবে না? না হয় তো আল্লাহয় ফল ফলাবে কীভাবে? তোমার কাজ গাছ লাগানো বা রোপন করা, ফল ফলানোর মালিক এবার আল্লাহ। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে দেখার। মুখ দিয়েছে বলার। হাত দিয়েছে করার। পা দিয়েছে চলার। মন দিয়েছে বোঝার। মস্তিষ্ক দিয়েছে চিন্তা করার। কাজেই তোমার উপার্জনে তুমি যা অর্জন করবে সেটাই তোমার প্রাপ্য হবে। ভাগ্য বলে কিছু নেই। তুমি যা করবে তা ফেরত পাবে। এটাই ভাগ্য।
* দেখছ, বলতে গেলে—আজকাল আমি ওষুধের ওপর বেঁচে আছি। এ জিন্দেগি—অর্থাৎ ওষুধনির্ভর জিন্দেগি বড়ই দুর্বল। মনে রাখবে, এই দিন একদিন তোমারও আসতে পারে কিবা আসবে। তা হলে? জীবনকে কখনো সবল বা দীর্ঘায়ু মনে করো না—চিন্তা করে পথ চলো। জীবন খুবই ক্ষণস্থায়ী আর দেহ রোগের কারখানাও বটে।
* চুল সব সময় ছোট রাখবে। চুলের কাটিঙে তোমার মন বেজার? আজ যেই চুলের সৌখিনতা নিয়ে তুমি কান্নাকাটি করছ, কাল সেই চুলের জন্যে হয়তো তোমাকে করতে হবে আফসোস! আজ তোমার চুলের বাহার অনন্য, কাল হয়তো সেই চুল হতে পারে ভিন্ন! সুতরাং টেঁকো মাথায় যতই তেল লাগাও কাজে আসবে না। তাই, আজকের কান্নারোধে কালকের হাসি বাঁচাও।
* আজ তুমি যেটাই আছ এবং যেভাবেই আছ আর যেই অবস্থানেই আছ তার জন্যে আনন্দিত থেকো—নারাজি নয়। কারণ তুমি এখনো বেঁচে আছ—মরে গেলে প্রতিপত্তি, ধনসম্পদ ও যশখ্যাতি কিছুই কাজে আসবে না।
* জীবন তোমাকে ধাক্কা দিলে ওঠে দাঁড়াতে পারবে। কিন্তু, বেইমান তোমাকে ধাক্কা দিলে ওঠে দাঁড়ানো কষ্টকর। তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস না করে চোখ-কান খোলা রেখে পথ চলো। বেইমান চেনার কোনো পদ্ধতি নেই, বেইমানকে চিনতে হলে ইমানদার বনো। ভুল মানুষেতে হয়। একবার ভুল করলে দ্বিতীয়বার শুদ্ধ হতে চেষ্টা করো।
* মানুষ সব সময় অপরকে ঠকিয়ে নিজে জিততে চায় কিবা জিততে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু, যারা নিজে ঠকিয়ে অপরকে জিতায় তারা জীবনে মানুষ বনে। তাতে তাদের দুটো লাভ—স্রষ্টার সন্তুষ্টি যেরূপ হাসিল করে সেরূপ তাদের কপালও প্রসন্ন করে। তাই কাউকে ঠকানোর শব্দ জীবনের অভিধানে রেখো না। মনে রেখো, যারা ঠকে তারা জিতে।
* বন্ধুত্ব করবে তো বড় মনের সঙ্গে, পথ চলবে তো সাহসীর সঙ্গে আর জীবন কাটাবে তো সতের সঙ্গে। আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক ধোঁকা খেয়েছি এবং শেষমেশ জীবন থেকে যা অভিজ্ঞতা অর্জন হয়েছে তা আমার কাজে আসেনি। কারণ, আমি যা করেছি বেশিরভাগ ভুলই করেছি মনে হয়—ভুলের মধ্যেই জীবনসংগ্রামে লড়তে লড়তে জীবনের শেষপ্রান্তে এসে পৌঁছেছি, যেখান থেকে দেখলে আমার শেষগন্তব্য স্পষ্ট দেখা যায়—সংশোধন নয়। আমার জীবন অনুসরণ করলে হয়তো তোমার লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। তুমি তোমার মতো করে জীবন গড়ো এবং তোমার মতো করে পথ চলো।
* স্বপ্ন দেখানোর বা বুদ্ধি দেওয়ার লোক অনেক পাবে। কিন্তু স্বপ্নের লক্ষ্যে পৌঁছার সাহায্যকারী একজনও পাবে না। যা করতে হবে নিজে নিজেই করতে হবে। বাইরের কথা ছেড়ে দিলাম, ঘরের লোক—ভাইবোন খুব আপনজন কাছের মানুষও ধোঁকা দিতে একবার চিন্তা করবে না! যে-কোনো পদক্ষেপে নিজের সঙ্গে একবার নয়, বারবার পরামর্শ করো ও ভাবো—তাতে যেই সুবিধাটা হবে, নিজেকে অচিরেই সংশোধন করে নিতে পারবে।
* তোমার কামাই দিয়ে মা-বাবার নামে অথবা ভাইয়ের নামে সম্পদ কিনতে একবার না, বারবার না বরং শতবার চিন্তা করবে। কারণ, জান দেওয়ার ভাইও স্বার্থের বেলায় রূপ পালটায়। ভাই ততক্ষণ ভাই থাকে যতক্ষণ গাঁটছড়া বাঁধনে আবদ্ধ হয়নি। অতএব দুনিয়াতে ভাইয়ের চেয়ে শত্রুও কেউ নেই আবার দুনিয়াতে ভাইয়ের চেয়ে আপনও কেউ নেই। তবে এমন ভাইয়ের সংখ্যা শতে নয়, হাজারে এক জন।
* ভালো মানুষের সঙ্গে ওঠাবসা এবং চলাফেরা করবে। ভালো মানুষের সংস্পর্শে থাকলে ভালো কিছু অভিজ্ঞতা হবে এবং ভালো কিছু শিখতে পারবে। বন্ধুত্ব করলে সৎ ও ভদ্র এবং ভালো লোকের সঙ্গে করবে। দশ জন খারাপ বন্ধু থাকার চেয়ে এক জন ভালো বন্ধু থাকা মঙ্গলের। হৃদয়হীন বন্ধুর চেয়ে হৃদয়বান শত্রু ভালো।
* বাবার দুঃখ কোনো সন্তান বুঝে না। যখন সে বাবা হয় আর তার সন্তান হয় অবাধ্য, অসভ্য ও গোয়াড় তখন সে বুঝতে পারে বাবার দুঃখ কী—কোথায় এবং কেমন ছিল। একজন বাবার কান্না তখনই হয়, যখন সে দেখে তার কষ্টে অর্জিত অর্থব্যয়ে সন্তান হয় অমানুষ। এমন মা-বাবা অর্থকষ্টে না থাকলেও পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ তারা। কোনো মা-বাবা সন্তানকে আগুনে ঝাঁপ দিতে বলে না এবং কোনো মা-বাবা চায় না তাদের সন্তানের ভবিষ্য হোক অন্ধকার। সব মা-বাবাই সন্তানদের ভালো চায় এবং ভালো কামনা করে, এখন সন্তানেরা যদি না বুঝে—না শুনে তা হলে এটা তাদের ক্ষতি—মা-বাবার এতটু ক্ষতি নেই। নিজের পায়ে নিজেই কুড়াল মারা।
* বাবা, রাতদিন গেইম খেলে জিন্দেগি বরবাদ করে মুর্দা বাঁচার চেয়ে একবার মরে যাওয়া ভালো; অন্তত পৃথিবীর একটা বোঝা তো কমে গেলা। পৃথিবীতে এসেছ, পৃথিবীর আলো-বাতাস ভোগ করছ; পৃথিবীর কাছে তুমি ঋণী। আর যে ঋণীর ঋণ শোধ করে যেতে পারল না, সে মরণপথ সুগম করে যেতে পারল না—জীবন তো নয়ই। ‘অলসমস্তিষ্ক শয়তানের কারখানা’ তুমি যখন বেকার থাকবে তখন কিছু-না-কিছু একটা করার চেষ্টা করো; মাথা খাটাও, চিন্তা করো জীবনে সাফল্য কীভাবে আসবে—জীবনের উদ্দেশ্য কী—গন্তব্য কোথায়। পৃথিবীতে এসেছি, পৃথিবীর জন্যে কী করলাম, নিজের জন্যে কী করলাম এবং অপরের জন্যে কী করতে পারলাম—চিন্তা করো। জীবন একটিমাত্র দিনের ভ্রমণ—একটি সূত্রে গাঁথা—বাঁশির মতো ছিদ্র। বাঁশির একটা ছিদ্র বন্ধ হলে যেমন সুর ওঠে না তদ্রূপ জীবনের কোনো পদক্ষেপে ভুল হলে জীবন আর সুন্দর হয়ে ওঠে না। তাই গেইমে অযথা সময় নষ্ট না করে কোরান, কিতাব ও বই পড়ো। বই পড়লে দুটো লাভ, প্রথমত—তুমি জ্ঞান অর্জন করতে পারবে, দ্বিতীয়ত—তোমার বেকারত্ব ঘুচবে। আর কোরান—ধর্মগ্রন্থ পড়লে কয়েকটা লাভ—পুণ্য হবে, জ্ঞান বাড়বে, শান্তি পাবে, সুপথ দেখবে এবং হৃদয়ের মলিনতা ও সঙ্কীর্ণতা ঘুচবে ইত্যাদি ইত্যাদি। যে-কোনো বই-ই বিদ্যাশিক্ষা ও বুদ্ধিজ্ঞান কিছু-না-কিছু অবশ্য দান করে। মুভি ও নাটক দেখলে সময় কাটবে ঠিক তবে এর থেকে তুমি ভালো কিছু শিখতেও পারো আবার নাও শিখতে পারো কিন্তু বিনোদন পাবে নিশ্চিত। তবে যেই বিনোদনে শিক্ষা নেই, উপকার নেই সেই বিনোদনে সময় নষ্ট না করাই উত্তম। আর কোরান-কিতাব ও বই পড়লে অনেক কিছু পাবে এবং শিখবে—পুণ্য, শিক্ষা, জ্ঞান, আনন্দ ও বিনোদন সবকিছু। সময়ের মূল্য দিতে শিখো, সময় নষ্ট করে জিন্দেগি নষ্ট করো না বাপু! অলসমস্তিষ্ক কাজে লাগানোর মাধ্যম একমাত্র বই। গেইমে আনন্দ পাবে ঠিকই কিন্তু জ্ঞান কখনো অর্জন করতে পারবে না। গেইম মস্তিষ্ক নষ্ট করার ও অলস বানানোর একটা কারখানা। যেই কারখানায় কিছু পাগল সৃষ্টি হবে আর কিছু বেকার মস্তিষ্ক।
“প্রত্যেক দেশে গেইম নিষিদ্ধ করা দরকার
নইলে ভবিষ্যৎ প্রজন্মের জিন্দেগি অন্ধকার”
* ভার্চ্যুয়ালি প্রভাব আজকাল প্রতিটি ঘরে—প্রতিটি সংসারে পড়েছে—পড়ছে। বাপু, তোমরা অনলাইনে গেইম ও নাটক-সিনেসা বা আজেবাজে প্ল্যাটফরমে সময় নষ্ট না করে জিন্দেগি গঠন করার চেষ্টা করো। নাটক-সিনেমা দেখবে? দেখো, তবে অখাদ্যকে খাদ্য বানিয়ে খেয়ো না। মানুষ সব সময় অখাদ্যকে খাদ্যহিসেবে গ্রহণ করে—এটা মানুষের অতিরিক্ত করণ—অতীব স্বভাব। তোমরা স্বভাবে প্রভাবিত হয়ো না। অর্থাৎ নায়ক-নায়িকা ও তাদের ছেলেমেয়েদের খুঁনসুটিকে উপজীব্য করো না। এই দরবারের সিংহাসন বড়ই নড়বড়ে। এসবে মাথায় তুলে নেচেকোঁদে তোমরা নিজের উঠোনের মাটি কাদা করো না। যা কাজে আসার নয় তার পিছে ছুটা বোকামি। এসব নাটক-সিনেমা ও আজেবাজে প্ল্যাটফরমে হাসিঠাট্টা ও রংতামাশার বিনোদন পাবে ঠিক তবে শিক্ষা বা শিক্ষানীয় ব্যাপার যেখানে নেই সেখানের বিনোদন বেকার। আর যা বেকার তা ফেলনা। সুতরাং ফেলনা জিনিসের বিনোদন নেওয়া ছেলেমানুষি। কাজেই বেকারের পিছে না ছুটে নিজের কাজের পিছে ছুটো—নিজের একটা নিজস্ব স্থান তৈরি করো। এতে সফলতা না পেলেও জিন্দেগির একটা মোড় অথবা গন্তব্য পাবে।অনেক কথা (৫)

পিতার আদেশ—

* ভার্চ্যুয়ালি প্রভাব আজকাল প্রতিটি ঘরে—প্রতিটি সংসারে পড়েছে—পড়ছে। বাপু, তোমরা অনলাইনে গেইম ও নাটক-সিনেসা বা আজেবাজে প্ল্যাটফরমে সময় নষ্ট না করে জিন্দেগি গঠন করার চেষ্টা করো। নাটক-সিনেমা দেখবে? দেখো, তবে অখাদ্যকে খাদ্য বানিয়ে খেয়ো না। মানুষ সব সময় অখাদ্যকে খাদ্যহিসেবে গ্রহণ করে—এটা মানুষের অতিরিক্ত করণ—অতীব স্বভাব। তোমরা স্বভাবে প্রভাবিত হয়ো না। অর্থাৎ নায়ক-নায়িকা ও তাদের ছেলেমেয়েদের খুঁনসুটিকে উপজীব্য করো না। এই দরবারের সিংহাসন বড়ই নড়বড়ে। এসবে মাথায় তুলে নেচেকোঁদে তোমরা নিজের উঠোনের মাটি কাদা করো না। যা কাজে আসার নয় তার পিছে ছুটা বোকামি। এসব নাটক-সিনেমা ও আজেবাজে প্ল্যাটফরমে হাসিঠাট্টা ও রংতামাশার বিনোদন পাবে ঠিক তবে শিক্ষা বা শিক্ষানীয় ব্যাপার যেখানে নেই সেখানের বিনোদন বেকার। আর যা বেকার তা ফেলনা। সুতরাং ফেলনা জিনিসের বিনোদন নেওয়া ছেলেমানুষি। কাজেই বেকারের পিছে না ছুটে নিজের কাজের পিছে ছুটো—নিজের একটা নিজস্ব স্থান তৈরি করো। এতে সফলতা না পেলেও জিন্দেগির একটা মোড় অথবা গন্তব্য পাবে।

You might like