এভাবেই প্রত্যেক পরিবারকেই এগিয়ে আসা উচিত

১১ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ
২০ জিলহজ ১৪৪১ হিজরি

প্রকাশিত : মঙ্গলবার

সম্পাদকীয়…

এখন বন্যাকবলিত এলাকার মানুষ খুবই অসহায়ের মধ্যে দিনযাপন করছে। কেউ কেউ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে। কেউ আবার আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে থাকছে। আবার কেউ খোলা আকাশের রাস্তার ধারে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এসব পরিবারের ঘরে খাবার নেই, বিশুদ্ধ পানিও নেই। এসব পরিবার অসহায় জীবন যাপন করছে এবং তাদের পাশে থাকা আমাদের উচিত।

আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে, যাদের টাকা পয়সার কোনো অভাব নেই। তারা যদি এক একটি পরিবার বন্যাকবলিত এলাকার কয়েকটি পরিবারের দায়িত্ব নিয়ে এগিয়ে আসে তাহলে অসহায় মানুষগুলো বেঁচে যাবে। তবে এজন্যে মানসিক সাড়া দেয়ার দরকার আছে।

গত ৭ আগস্ট প্রিয় সময়ে ‘নারিশা পশ্চিমচরের বানভাসি পরিবারের মাঝে বেপারি বাড়ি পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমাদের উৎসাহিত করেছে। একটি পরিবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি একটি ভালো উদ্যোগ। এমন উদ্যোগ সামর্থবান পরিবারগুলোর নেয়া উচিত। অন্তত অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে, তাদের পাশে দাঁড়ানো দরকার আছে। আমরা প্রকাশিত সংবাদটির মাধ্যমে জেনেছি যে, ‘ঐতিহ্যবাহী বেপারী বাড়ি পরিবারের পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে।’ তারা প্রায় আটশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে। অবশ্য এটি তাদের ক্ষমতার মধ্যে ছিলো বলে সম্ভব হয়েছে। তবে আমাদের সমাজের এমন অনেক পরিবার রয়েছে তারা অন্তত আটটি পরিবার করে হলেও সাহায্য করতে পারে। এভাবে সামর্থবান বেশ কিছু পরিবার সম্মিলিতভাবেও এগিয়ে আসতে পারে।

বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো একটি ভালো শিক্ষা আমাদের জন্যে। এ শিক্ষা আমাদের সকলের থাকে না। আমার শিক্ষায় শিক্ষিত হলেও, অর্থনৈতিক সামর্থ থাকলেও মন থাকে না। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা হয় না। আমাদের উচিত, অন্তত এই দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সরকারের একার পক্ষে এতো মানুষের জন্যে সাহায্য সহায়তা সম্ভব হয় না। কিন্তু আমরা যদি সামাজিকভাবে পরিবারগতভাবে উদ্যোগ নিই, তাহলে অবশ্যই বানভাসি মানুষগুলো রক্ষা পাবে। ঐতিহ্যবাহী বেপারী বাড়ি পরিবার যে সাহায্য দিয়েছে সেটি আমাদের আঙ্গুলি দিয়ে প্রমাণ করেছে যে, ইচ্ছা করলেই বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় ও সাহায্য করা যায়।

You might like