ফেসবুক আইডি : নারী ও পুরুষ

যুবক অনার্য

শুধু একটি মেয়ের আইডি বোলেই
তোমার অখাদ্য লেখাগুলিতেও পড়ে যায়
কয়েক হাজার লাইক পাঁচশত কমেন্টস।

আর যদি প্রোফাইল পিকচারটা হয় সেইরকম— আর ডাকসাইটে, তবে তো কথাই নেই।
অথচ ছেলের আইডি হলে আবুল হাসানতুল্য কবিতা লিখে ফেললেও লাইকের সংখ্যা শ’য়ের নিচে, কমেন্টস দাঁড়ায় শোচনীয় সংখ্যায়।
সহস্র আর অজস্র লাইক কমেন্টসের ভিড়ে তুমি নেচে গেয়ে উথলে ওঠো যেনো ছাড়িয়ে গেছো সিমন দ্য বোভোয়ার কিংবা সাফো-কেও।

নারী, এসকল লাইক কমেন্টসগুলিও
এক ধরনের পুরুষতন্ত্র যার ফাঁদে তুমি পাড়া দাও খুশিতে আটখানা হয়ে।

এখনো সময় আছে – লাইক আর কমেন্টসগুলিকে ডিনাই করে উত্তীর্ণ লেখার চাবুকে
পুরুষতন্ত্রকে আমূল বিদ্ধ ক’রে
লাট খাইয়ে দাও বাকাট্টা ঘুড়ির মতো!

You might like