

তথ্য প্রযুক্তি কণ্ঠ ডেস্ক :
কমিউনিটি গাইডলাইনে আপডেট করেছে টিকটক। নতুন কিছু ফিচারের বিষয় উঠে এসেছে এই গাইডলাইনে। গত ১৭ মে থেকে এটি কার্যকর হয়েছে।
প্ল্যাটফর্মে বিদ্বেষমূলক বক্তব্য, স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য, কনটেন্ট মডারেশন নিয়ে পলিসিগুলো সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যা এবং তথ্য প্রদানের জন্য টিকটক এবারের কমিউনিটি গাইডলাইনগুলো আপডেট করেছে। এই আপডেটগুলোর মাধ্যমে টিকটকের নিয়মাবলী সম্পর্কে ইউজাররা জানতে পারবে।

টিকটকের ফর ইউ ফিডে নিরাপত্তা নিশ্চিত করতে, কনটেন্টের যোগ্যতার নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এই মানদণ্ডগুলো লঙ্ঘন করে ক্রিয়েটররা বারবার কনটেন্ট পোস্ট করলে তাদের অ্যাকাউন্টগুলো ফর ইউ ফিডে রিকমেন্ড করার জন্য সাময়িকভাবে অযোগ্য থাকবে। পাশাপাশি, তাদের কনটেন্টগুলো সার্চ রেজাল্টেও কম দৃশ্যমান হবে। তবে এর জন্য ক্রিয়েটররা নোটিফিকেশন পাবেন এবং আপিল করার সুযোগ পাবেন।
এছাড়া টিকটক একটি সতর্কতা সংবলিত নির্দেশ ব্যবস্থা বা স্ট্রাইক সিস্টেম চালু করেছে। যখন কোনো ক্রিয়েটর প্রথমবার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবে, তখন তারা একটি সতর্ক বার্তা পাবেন। এক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট স্ট্রাইক তালিকার মধ্যে যুক্ত করা হবে না। তবে পরবর্তীতে ভবিষ্যতের লঙ্ঘনগুলো ট্র্যাক করা হবে এবং সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ক্রিয়েটরদের আরও সহযোগিতা করার জন্য, ‘অ্যাকাউন্ট চেক’ নামে টিকটক একটি নতুন ফিচার চালু করছে। এই টুলটির মাধ্যমে ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্ট এবং সাম্প্রতিক পোস্টগুলো অডিট করতে পারবে। এছাড়া এর মাধ্যমে প্ল্যাটফর্মে তাদের অবস্থানের একটি সুস্পষ্ট ওভারভিউ পাবেন। গাইডলাইন লঙ্ঘনের কারণে কমেন্ট বা ডিরেক্ট মেসেজের মতো ফিচারগুলোর উপর ‘অ্যাকাউন্ট চেক’ যে কোনো ধরনের বিধিনিষেধ নির্দেশ করবে এবং ‘ফর ইউ’ ফিড থেকে সরানো বা রেস্ট্রিকটেড কনটেন্টগুলো হাইলাইট করবে।
এছাড়াও টিকটক চালু করছে ‘টিকটক ক্রিয়েটর কোড অফ কনডাক্ট’। যে ক্রিয়েটররা টিকটক প্রোগ্রাম, ফিচার, ইভেন্ট এবং ক্যাম্পেইনে অংশগ্রহণ করে থাকে তাদের জন্য এটি একটি মানদণ্ডস্বরূপ।
এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক
কনটেন্ট তৈরিকে আরও নিরাপদ এবং দায়িত্বশীল করতে টিকটক সম্প্রতি ঘোষণা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে স্বচ্ছতা এবং সাক্ষরতা নিয়ে নতুন উদ্যোগ। কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেনান্স অ্যান্ড অথেন্টিসিটি (সিটুপিএ) এর সাথে যৌথ উদ্যোগে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করবে টিকটক।
অন্যান্য প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি করা কোনো কনটেন্ট টিকটকে আপলোড করার সময় সেই কনটেন্টগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে এআই-জেনারেটেড কনটেন্ট (এআইজিসি) হিসেবে লেবেল করা হবে।
এআই দিয়ে তৈরি কনটেন্টের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো ঠেকানোর লক্ষ্যে এই নতুন ফিচারের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করবে টিকটক। এর আওতায় স্বয়ংক্রিয়ভাবে এআই দিয়ে তৈরি করা কনটেন্ট (এআইজিসি) লেবেলিং করতে টিকটক ব্যবহার করবে ‘টিকটক এআই এফেক্টস’। গত এক বছর ধরে ৩৭ মিলিয়নেরও বেশি ক্রিয়েটররা টিকটক প্ল্যাটফর্মের লেবেলিং টুলসগুলো ব্যবহার করে আসছে।
এছাড়া টিকটক প্ল্যাটফর্মের সব ধরনের কনটেন্টের জন্য কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তিটি শিগগিরই চালু করা হবে। এতে কোনো কনটেন্ট ডাউনলোড করার পরেও এর সাথে মেটাডাটা সংযুক্ত থাকবে। এই ফিচার টিকটক প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কনটেন্টের সত্যতা যাচাই করতে সহায়ক হবে।
মিডিয়াওয়াইজ এবং উইটনেসের সঙ্গে পার্টনারশিপের মধ্য দিয়ে টিকটক মিডিয়া সাক্ষরতা বাড়ানোর লক্ষ্যে একাধিক শিক্ষামূলক প্রচারণা শুরু করছে। মিডিয়া লিটারেসি বা সাক্ষরতা বাড়াতে টিকটক মিডিয়াওয়াইজের সাথে যৌথভাবে সারা বছর ধরে মোট ১২টি ভিডিও প্রকাশ করবে। এই উদ্যোগগুলো ব্যবহারকারীদের অনলাইন তথ্য আরও ভালোভাবে যাচাই করতে সাহায্য করবে। একইসাথে প্রকৃত এবং এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের পার্থক্য তারা বুঝতে পারবে।
অ্যাডোবির জেনারেল কাউন্সেল এবং চিফ ট্রাস্ট অফিসার ডানা রাও বলেন, বিশ্বজুড়ে টিকটকের ক্রিয়েটর এবং ইউজারের পুরো কমিউনিটির জন্য সিটুপিএ এবং সিএআইয়ের উদ্যোগটি নেয়া হয়েছে। এতে ইউজাররা তাদের প্ল্যাটফর্মে আরও স্বচ্ছতা এবং সত্যতা নিশ্চিত করতে পারবে যা আজকের এই ডিজিটাল যুগে অত্যন্ত জরুরি। আর আমাদের এই পার্টনারশিপ সেই লক্ষ্যেই শুরু হয়েছে।
মিডিয়াওয়াইজের পরিচালক অ্যালেক্স মহাদেবন বলেন, ২০১৯ সালে আমাদের টিন ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক টিকটকে চালু হয় এবং তখন থেকেই দর্শকদের সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য। এই নতুন উদ্যোগের মধ্য দিয়ে ফিকশন থেকে বাস্তব কনটেন্টগুলো আলাদা করার জন্য অনলাইনে আরও বেশি মানুষকে আমরা যুক্ত করতে চাই।
প্রকাশিত : বুধবার, ২৯ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










