

হিরক খান, মেহেরপুর :
মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে মোঃ জারজিত হোসেন (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া জোলের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জারজিত হোসেন ভাটপাড়া গ্রামের মৃত মোঃ দাউদ হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মোঃ জাহিদ হাসান জানান, জারজিত হোসেন তাদের আত্মীয় (চাচা)। তিনি কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত তার শরীরে আঘাত হানে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাজ শেষে বাড়ি ফেরার সময় হালকা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রপাতে জারজিত হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ নাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রি.
















