কুমিল্লায় বিজিবির অভিযানে ১৯ হাজার ৯৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৬ জুন ২০২৬

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (০৬ জুন) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ১০ বিজিবির অধীন আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযানে নামেন। এ সময় সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া এলাকা থেকে মো. খলিলুর রহমান (পিতা: ইদু মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত খলিলুর রহমানের কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক খলিলুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া গ্রামেরই বাসিন্দা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : শনিবার, ০৬ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy