

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চাঁদপুরের সামাজিক সংগঠন ‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ১৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ কিস্তি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় কিস্তি এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম কিস্তির বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

চাঁদপুরে ঢাবিয়ানের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পুরবী সরকার শম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম গাউস রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মাকছুদুর রহমান, পৃষ্ঠপোষক এবিএম শামসুল আলম (হিরু), উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, উপদেষ্টা এডভোকেট জহিরুল ইসলাম, মোহাম্মদ রুহুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, অর্থ সম্পাদক মো. মাসুদ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন মজুমদার, মিডিয়া ও আইটি সম্পাদক আব্দুল মতিন সরকার নিসাত, সদস্য তানজিল আহমেদ, মো. মাহবুবুর রহমান, মো. রেদওয়ান, মো. মমিনুল ইসলাম, মোঃ মাহবুব আলমসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন ঢাবিয়ানরা।
বক্তারা বলেন, কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই চাঁদপুরে ঢাবিয়ান কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, চাঁদপুরে ঢাবিয়ানের এই মানবিক উদ্যোগ উচ্চশিক্ষায় আগ্রহী অসচ্ছল শিক্ষার্থীদের স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, যা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
বক্তারা উল্লেখ করেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক সংকটের কারণে তাদের স্বপ্নপূরণের পথে বাধার সম্মুখীন হয়। চাঁদপুরে ঢাবিয়ানের শিক্ষাবৃত্তি কার্যক্রম সেই বাধা দূর করতে কার্যকর ভূমিকা পালন করছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, এই সহায়তাকে শুধু আর্থিক সহযোগিতা হিসেবে নয়, বরং সমাজের পক্ষ থেকে তাদের প্রতি আস্থা ও বিনিয়োগ হিসেবে দেখতে হবে। মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে
এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে চাঁদপুরে ঢাবিয়ানের সকল সদস্য, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি শিক্ষাবৃত্তি কার্যক্রম আগামী দিনে আরও বিস্তৃত হয়ে অধিক সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
















