

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
পরিচ্ছন্ন, সবুজ ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিউল হিকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিডি ক্লিনের সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রম, পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি চাঁদপুর জেলাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জেলায় রূপান্তরের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি নাগরিক দায়িত্ব ও সচেতনতার প্রতিফলন। বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণদের এই উদ্যোগ আমাদের একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন হিসেবেও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের টিম মনিটর রোজিনা আক্তার, মডারেটর (আইটি অ্যান্ড মিডিয়া) সাকিল হোসেন, মডারেটর (লজিস্টিক) জায়েদ হাসান, সাব মনিটর-১ জুয়েল হোসেন, সাব-মডারেটর (লজিস্টিক) আরিফ হোসেন এবং সদস্য মেহেদী হাসান সাকিব।
সভা শেষে বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের সদস্যরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন এবং চাঁদপুর জেলাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও সচেতন জেলায় রূপান্তর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, “বিডি ক্লিন রূপান্তরে বিশ্বাস করে। সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করে একটি পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
















