

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ :
চাঁদপুরের ফরিদগঞ্জে দিন-রাতে প্রকাশ্যে মাদক সেবীদের যাতায়াত ও নতুন প্রজন্মকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের| মাদক কারবারিদের বাধা দিলে মারধর ও হত্যার হুমকির ঘটনা ঘটছে| এমন পরিস্থিতিতে চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে মানববন্ধন করে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী|
সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন| মানববন্ধনে বক্তব্য রাখেন, আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি ও মুক্তা বেগম|

বক্তারা বলেন, এক সময়ের শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকা বালিথুবা পশ্চিম ইউনিয়নটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে| বিশেষ করে ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের অবস্থা ভয়াবহ| ওই গ্রামের বরকন্দাজ বাড়ির একটি পরিবারের প্রায় সবাই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত| সম্প্রতি ওই পরিবারের দুই সদস্য মাদকসহ আটক হলেও কয়েক দিনের মধ্যে তারা জামিনে বেরিয়ে এসে আবারো ব্যবসাসহ হুমকি – দমকী দিচ্ছে| ওই এলাকার নারী-পুরুষসহ এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে|
বক্তারা অবিলম্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাহবুব, আলমগীর, আব্দুল্যাহ, রুবি, হাসিনাসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান|
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে| কিছু কিছু সময় দেখা যায়, মাদক কারবারিদের আটক করে আদালতে পাঠালে দু’দিন পর তারা জামিনে এসে পুনরায় মাদক কারবার করে|
















