

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ক সাময়িকী ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’–এর আয়োজনে চাঁদপুর জেলার এইচএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সালেহ উল্লাহ সেলিম। তিনি বলেন,
জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে শুধু ব্যক্তিগত মেধাই নয়, পরিবার, শিক্ষক এবং সমাজেরও গুরুত্বপূর্ণ অবদান থাকে। আজ তোমরা যে কৃতিত্ব অর্জন করেছ, তা কেবল তোমাদের একার অর্জন নয়; এর পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং সবার দোয়া ও সহযোগিতা। তাই আমিত্ব পরিহার করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের মেধা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি সমৃদ্ধ, আধুনিক ও কল্যাণরাষ্ট্র বিনির্মিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করতে হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক এবং বি.পরিক্রমা নিউজ বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলার সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান এবং চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (বাবুরহাট শাখা)-এর উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার উপদেষ্টা শেখ মহিউদ্দিন রাসেল।
অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
















