আদমদীঘিতে স্কুলের টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন : পাল্টা সংবাদ সম্মেলন 

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

গত ১৭ জুন দৈনিক করতোয়াসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত আদমদীঘিতে স্থানীয় এমপি ও বিএনপি নেতার বিরুদ্ধে কেজি স্কুল দখল করে অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

আজ (১৭ জুন) বুধবার আদমদীঘি বিদ্যাবিথী মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের হিসাব অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটরসহ হিসাব শাখার অতিরিক্ত দায়িত্ব পালনকারী রাবেয়া সুলতানা দীনা।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, গত ১৭ জুন দৈনিক করতোয়াসহ বেশ কয়েকটি পত্রিকায় বিদ্যাবিথী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের বোন পরিচয় দানকারী রেনুকা বেগম স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদারের বিরুদ্ধে প্রতিষ্ঠান দখল ও অর্থ আত্মসাতের মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অত্র প্রতিষ্ঠানের নামে আদমদীঘি ইসলামী ব্যাংক শাখায় যে হিসাব নম্বর খোলা রয়েছে তাতে অদ্যবধি (১৭ জুন) পর্যন্ত ১৪ লাখ ৩৬ হাজার ৩০৩ টাকা জমা রয়েছে।

প্রতিষ্ঠানের কোনো অর্থ আত্মসাৎ বা প্রতিষ্ঠান দখল হয়নি বরং প্রতিষ্ঠানটি ধ্বংস করার জন্য একটি মহলের অপচেষ্টা থেকে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও বিএনপি নেতা আব্দুল মোত্তাকিন তালুকদার প্রতিষ্ঠানকে রক্ষা করে সুনামের সহিত কার্যক্রম অব্যাহত রেখেছেন।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল হক পল্টু, বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের স্ত্রী হাবিবা সুলতানা, ভাই অমর ফিরোজ এবং শিক্ষক প্রতিনিধি সাধন কুমার পাল উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে অমর ফিরোজ ও হাবিবা সুলতানা জানান, এমপি এবং বিএনপি নেতার অর্থ আত্মসাত কাল্পনিক, মিথ্যা এবং ভিত্তিহীন। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে পর্যাপ্ত অর্থ রয়েছে। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

প্রকাশিত : বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy