পঞ্চগড়ের দেবনগরে ৪৮৭ পরিবারের ফ্যামিলি কার্ড বিতরণ

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে ৪৮৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড ও আমের গাছ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক সুবিধা গ্রহণের সুযোগ পাবে।

বুধবার (১৭ জুন) ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে স্থানীয় পর্যায়ে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, সমাজের পিছিয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা যেন সঠিকভাবে সরকারি সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এটি কোনো দল, গোষ্ঠী, গুষ্টি কিংবা বিশেষ শ্রেণির জন্য নয়; যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে সকল প্রকৃত সুবিধাভোগী এই কর্মসূচির আওতায় আসবেন। সরকারি সহায়তা বণ্টনে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই এবং থাকবে না।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা অনিল চন্দ্র বর্মণ, তেঁতুলিয়া উপজেলা কর্মকর্তা আফরোজা শাহীন খুসরুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড পেয়ে আনন্দ প্রকাশ করেন দেবনগর ইউনিয়নের বাসিন্দা রহিমা বেগম। তিনি বলেন, আমরা অনেক কষ্টে সংসার চালাই। এই কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা পেলে পরিবারের জন্য অনেক উপকার হবে।

আরেক উপকারভোগী আব্দুল বারেক বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ায় আমরা খুবই খুশি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy