মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: কুমিল্লায় নাগরিক অধিকার ফোরামের মানববন্ধন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

‘মাদককে বর্জন করি, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মানববন্ধন করেছে নাগরিক অধিকার ফোরাম, কুমিল্লা। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় নগরীর কান্দিরপাড় টাউন হল গেটের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সর্বাত্মক সামাজিক আন্দোলন।

মানববন্ধনে কুমিল্লা নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে মাদকমুক্ত কুমিল্লা গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় মাদককে কেন্দ্র করে কিশোর গ্যাং, অস্ত্রের ঝনঝানি ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা পুরো কুমিল্লাবাসীর জন্য লজ্জার। মাদকের গডফাদার ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে এর মূল উৎপাটন সম্ভব নয়। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার ফোরাম কুমিল্লার সভাপতি ডা. আব্দুল লতিফ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy