

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মো. বশির তালুকদার (৪২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে আমতলী থানার সামনের নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বশির তালুকদার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আনেছ তালুকদারের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানকারী দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবদুল মালেক তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মো. বশির তালুকদারকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক এ ধরনের অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















