

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :
জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে Panchagarh Model United Nations (PMUN)-২০২৬ এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড।
পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির পরিচালক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের সার্বিক দিকনির্দেশনায় গত শুক্রবার (৭ আগস্ট) সদর উপজেলার মনোয়ারা কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার শিক্ষার্থীরা অংশ নেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তেঁতুলিয়া ও আটোয়ারী এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা ও সিলেকশন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মশালায় জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, যুক্তিভিত্তিক চিন্তা ও নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় ভাইভা ও সিলেকশন রাউন্ড।
সিলেকশন রাউন্ডে বিচারক প্যানেল শিক্ষার্থীদের মেধা, উপস্থিত বুদ্ধি, যুক্তি উপস্থাপনের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সম্ভাবনা মূল্যায়ন করেন। মূল্যায়ন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ‘Yes Card’ তুলে দেওয়া হয়। এই কার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরাই PMUN-২০২৬ এর মূল অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, নির্বাচিত শিক্ষার্থীদের জন্য পরবর্তী ধাপে বিভিন্ন প্রশিক্ষণ সেশন ও মেন্টরশিপের ব্যবস্থা করা হবে।
অর্গানাইজার টিমের সদস্য আহনাফ শাহরিয়ার সোহাগ বলেন, “সংসদ সদস্যের দিকনির্দেশনায় এ ধরনের কার্যক্রম প্রতিবছরই চলমান থাকবে। এবারের সিলেকশন রাউন্ডে ‘Yes Card’ পাওয়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ট্রেনিং সেশন এবং নির্ধারিত মেন্টরদের মাধ্যমে আরও দক্ষ ও কার্যকর প্রশিক্ষণ দেওয়া হবে।”
অর্গানাইজার টিমের আরেক সদস্য মো. তন্ময় বলেন, “PMUN-২০২৬ এর মাধ্যমে পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে জানার আগ্রহ বাড়বে এবং তাদের মধ্যে নেতৃত্ব, কূটনীতি, বিতর্ক ও যোগাযোগ দক্ষতা বিকশিত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও বিশ্বদৃষ্টিসম্পন্ন করে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজকরা আরও জানান, PMUN-২০২৬ এর ক্লাব পার্টনার হিসেবে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, হাবিপ্রবি মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশন। এছাড়া লজিস্টিক ও ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে ক্রিয়েটিভ অলিম্পিয়াড বাংলাদেশ।
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, PMUN-এর এই আয়োজন তাদের জন্য নতুন ও ভিন্নধর্মী অভিজ্ঞতা।
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট ২০২৬

















