

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :
রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গত মঙ্গলবার রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

সভায় ২০২৬ সালের জুলাই মাসে রংপুর রেঞ্জের ৮টি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় সার্বিক মূল্যায়নে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা।
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ডিআইজির হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম।
এদিকে পঞ্চগড় জেলা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পুলিশ সুপারকে বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি পুরো জেলা পুলিশ ও পঞ্চগড়বাসীর অর্জন। জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।”
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট ২০২৬

















