

সাইদুজ্জামান ভূঁইয়া, বাঙ্গরা, কুমিল্লা:
কুমিল্লার বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশুর মা তাছলিমা আক্তার অভিযোগ করে বলেন, “আমিননগরের আমার খালা ছেনোয়ারা বেগম আমার বাচ্চাটা বিক্রি করে দিয়েছে। আমি আমার বাচ্চা ফেরত চাই।”
তাছলিমা আক্তার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে। তিনি মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আল-আমিনের স্ত্রী। তার ৬ মেয়ে ও ২ ছেলের মধ্যে বিক্রি হওয়া শিশুটি সবার ছোট।
ভুক্তভোগী মা বলেন, “গত ১৮ জুলাই বাবার বাড়ি সরেরপাড় থেকে স্বামীর বাড়িতে আসার পথে মজিদ কলেজের মাঠে বসে তারা স্ট্যাম্প করে ৫০ হাজার টাকা দিয়ে আমার সন্তানকে নিয়ে যায়। আমার খালা চক্রান্ত করে আমার সন্তানকে বিক্রি করে দিয়েছে। আমি অসুস্থ ছিলাম, তাই তখন বুঝতে পারিনি। এখন সুস্থ হয়ে দেখি আমার সন্তান নেই। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই।” এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তাছলিমা।
এ বিষয়ে অভিযুক্ত খালা ছেনোয়ারা বেগম বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। তাছলিমার মামা বাবুল মিয়া জানে।”
এ বিষয়ে মামা বাবুল মিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি শুধু স্ট্যাম্পে স্বাক্ষর করেছি। এর চেয়ে বেশি কিছু জানি না। যারা বাচ্চা নিয়েছে, তাদেরকেও চিনি না। বাচ্চার বাবা আল-আমিন সব জানে।”
এদিকে শিশুর বাবা আল-আমিনকে বারবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। জানা গেছে, তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম বলেন, “সন্তানটি খোঁজ নিয়ে দেখেন কোথায় আছে, আমাকে জানান। বাচ্চাটি উদ্ধারে সব ধরনের সহযোগিতা করা হবে।”
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

















